গুয়াংঝোর গাছপাকা কমলাও মিলছে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ২০০৯ সালে চীন থেকে ৫৭ লাখ মার্কিন ডলার বা ৪০ কোটি টাকার কমলা ও মাল্টা আমদানি করেছে। আগের বছরের আমদানি ছিল ২৬ হাজার ডলারের (১৮ লাখ টাকা)। এটি চীনের সরকারি পরিসংখ্যান।অন্যদিকে রাজধানীর বাদামতলী ফলের আড়তের পাইকারেরা জানান, বাংলাদেশে চীনের কমলা আসছে বেশিদিন নয়। আপেল, নাশপাতি আসে কয়েক বছর ধরে, এখন আঙুরও আসছে বেশ।চীন সরকারের রপ্তানি প্রতিবেদন অনুসারে, ২০০৭ সালে ২ দশমিক ৪ কোটি মার্কিন ডলারের আপেল ও নাশপাতি আমদানি করেছে বাংলাদেশ, যা ২০০৮ সালে ছিল ২ দশমিক ৭ কোটি ডলার। আর গত বছর হয়েছে ৫ দশমিক ৫ কোটি ডলার (৩৭৫ কোটি টাকা)। চীনা আঙুর আমদানি হয়েছে ১১ কোটি টাকার বেশি, যা আগেরবারের দ্বিগুণ। বাদামতলীর আক্কু সরদার বলেন, খুচরা বাজারমূল্য হিসাব করতে হলে এলসি মূল্যের সঙ্গে ৫০ শতাংশ যোগ করতে হবে। সে হিসেবে গতবার ৬২৪ কোটি টাকার চীনা আপেল, নাশপাতি, কমলা আর আঙুরই বিক্রি হয়েছে বাংলাদেশে! বাজধানীর বিভিন্ন ফলপট্টি ও সুপার স্টোর থেকে জালিব্যাগ ভর্তি মিনি কমলার স্বাদ পেয়েছেন অনেকেই। কেজি খানেক ওজনের এক ব্যাগ কমলা মানভেদে ৮০ থেকে ১০০ টাকা। আপেল ও নাশপাতির মতোই এ কমলা আসছে হিমায়িত পণ্যাধার (কনটেইনার) ভরে। হংকং বন্দর হয়ে জাহাজে ১৪ দিনে চট্টগ্রাম বন্দরে পৌঁছে যাচ্ছে চীনা ফল। কাস্টমস থেকে ছাড়া পেয়ে এরপর দুই-চার দিনেই তা সাবাড় হয়ে যাচ্ছে বাংলাদেশের বাজারে বাজারে। আবার কিছুদিন ধরে কোথাও কোথাও দেখা যাচ্ছে ছোট ছোট তাজা কমলা। সঙ্গে সামান্য নেতানো গাঢ় সবুজ পাতা বা চিকন চিকন কাটাওয়ালা ডালও থাকছে। পুলকিত হওয়ার মতো দেখতে তাজা এ কমলা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। রসে টইটম্বুর কমলাগুলো হয় গতকাল, নয়তো পরশুই গাছ থেকে তুলে আনা হয়েছে। আর এই গাছগুলো আছে হয়তো চীনের গুয়াংঝো প্রদেশের কোনো বাগানে। ঢাকায় চায়না সাউদার্ন এয়ারলাইনের জিএসএ নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানালেন, মধ্যপ্রাচ্যভিত্তিক একটি বিমান সংস্থার ঢাকা-গুয়াংঝো-ঢাকা রুটের ফিরতি কার্গো ফ্লাইটেই তাজা কমলা আসছে। আজ সকালে গুয়াংঝোর গাছে ঝুলে আছে যে পাকা কমলা, তা আগামীকাল সকালেই খাবেন কোনো ঢাকাবাসী। হয় খাবাবের টেবিলে অথবা হাসপাতালের শয্যায়। বুঝি বা এটিই বিশ্বায়ন!বাংলাদেশে ভিন দেশি জাতের তাজা ফলের বাজারের পুরোটি এতদিন ছিল প্রায় পুরোপুরিই ভারত আর ভুটানের দখলে। ফলের মতো পচনশীল পণ্যের আমদানিসূত্রের ভৌগোলিক নৈকট্য থাকবেই। ভুটানের বাণিজ্যিক কমলা চাষ অনেকটা বাংলাদেশের বাজারনির্ভর। দক্ষিণ ভুটানের সীমান্ত শহর ফুটসলিংয়ের প্রধান কমলার আড়তে দাম ওঠানামা করায় বাংলাদেশের আমদানিকারকেরা। এরা না গেলে পানির দরে কমলা বিক্রি হয় সেখানে। জানা গেছে, বাদামতলীর আড়ত নিয়ন্ত্রণ করেন ক্ষমতাসীন দলের এক সাবেক সাংসদসহ আরও কয়েকজন বাংলাদেশি ভুটানে বিশাল বিশাল কমলা বাগানও অধিগ্রহণ করছেন। ভুটানিরা এ বাজারের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। তবে তারাও এখন কিছুটা শঙ্কিত, বাংলাদেশের বাজারে চীনা ফলের বান দেখে।ভারত এখনো আমাদের ফলের বাজারের প্রধান জোগানদার। কলকাতায় বসে মাড়োয়ারিরা বাংলাদেশে রপ্তানি করেন পাঞ্জাব ও কাশ্মীরের ফল। চীনা ফলের ক্রমবর্ধমান বাজার দেখে মাড়োয়ারিরাও চিন্তিত। গত দুই বছর ভারতের অনেক অঞ্চলে খরাসহ আরও কিছু কারণে ফলের উৎপাদন কমেছে। এরপর রুপি হঠাৎ শক্তিশালী হয়ে উঠলে চীনারা সুযোগটি নেয়। চীনের নিয়ন্ত্রিত মুদ্রা ইউয়ান ও ডলারের বিনিময়ে বাংলাদেশি আমদানিকারকদের সাশ্রয়ের লোভ দেখিয়ে দ্রুত এখানকার ফলের বাজারে প্রবেশ করেন তাঁরা। প্রথমে যোগাযোগ তৈরি হয় সেসব বাংলাদেশি ব্যবসায়ীদের মাধ্যমে, যাঁরা শিল্প কাঁচামাল, গৃহসামগ্রী, ইলেকট্রনিকসহ নানা পণ্য আমদানি করতে চীনে যান। প্রথমে অবশ্য হিমায়িত পণ্যাধারে ফল বেচতে আপত্তি ছিল। পরে তা মানিয়ে যায় বাজারে।তবে চীনারাই সব নিয়ে নিচ্ছে, অন্যরা বাজার হারাচ্ছেন—তাও ঠিক নয়। বাংলাদেশের ফলের বাজারটিই বাড়ছে দ্রুত। খুচরা হিসেবে বিদেশি ফলের বাজারের আকার ৩০ কোটি ডলার বা দুই হাজার কোটি টাকার বেশি। শহরবাসী টাকাওয়ালা ভোক্তার সকাল ও রাতের খাবার টেবিলে যেমন আজকাল থাইল্যান্ড বা নিউজিল্যান্ড থেকে আসা দামি ফল থাকছে, তেমনি সব ফলের চাহিদা বাড়ছে অন্য শ্রেণীর ক্রেতাদের মধ্যেও।গ্রাম ছেড়ে যাঁরা নগরে বন্দিত্ব নিচ্ছেন, তারা তো এখন চাইলেই বাড়ির দরজার পাশে পেকে থাকা পেঁপেটি, উঠোনের গাছের পাকা আতাটি খেতে পারেন না। এরাই বাজারের নতুন ক্রেতা। তাদের ব্যয়েই বসত করছে চীন, ভারত আর ভুটানি ফল রপ্তানিকারকদের বাণিজ্য লক্ষ্মী।