বাংলাদেশে গত এক যুগে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে ৫৬ হাজার কোটি টাকার বেশি গৃহঋণ বিতরণ করেছে। গড়ে এ ঋণের প্রায় ৯০ শতাংশ বিতরণ করা হয়েছে শহর অঞ্চলে, আর মাত্র ১০ শতাংশ বিতরণ হয়েছে গ্রামে। গত দু-তিন বছরে গ্রামে ঋণের পরিমাণ কিছুটা বাড়লেও সেটি এখনো যথেষ্ট নয়।
এ মতামত উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ‘ব্যাংক খাতের গৃহঋণ: প্রবণতা ও প্রভাব’ শীর্ষক এক গবেষণায়। রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার বিআইবিএম মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক মহিউদ্দিন সিদ্দিকী।
প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, গৃহঋণের সুবিধাভোগী অধিকাংশই শহরে বসবাসকারী। ২০০৬ সালে শহরে গৃহঋণের পরিমাণ ছিল ৯৫ শতাংশ, গ্রাম অঞ্চলে ছিল মাত্র ৫ শতাংশ। ২০১৬ সালে মোট ঋণের ৮৩ দশমিক ৪৫ শতাংশ পেয়েছে শহরের মানুষ, গ্রামের মানুষ ঋণ পেয়েছে সাড়ে ১৬ শতাংশ। ঋণ বিতরণে শহর ও গ্রামের পার্থক্য কিছুটা কমলেও সেটি এখনো সন্তোষজনক নয়। একইভাবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের জন্য বাড়ি করার ঋণ পাওয়া বাংলাদেশে সবচেয়ে কঠিন।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বিতরণ করা মোট গৃহঋণের দুই-তৃতীয়াংশ অর্থ বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে। এটি ২০০৬ সালে ছিল ৩০ শতাংশ। অর্থাৎ ১০ বছরে বাড়ি নির্মাণ খাতে ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়েছে। বাড়ি নির্মাণে ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় ফ্ল্যাট কেনায় ২১ শতাংশে নেমে এসেছে।
গৃহঋণে খেলাপি ঋণ তুলনামূলকভাবে অনেক কম বলে গবেষণায় বলা হয়েছে। ২০০৬ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের হার ছিল সাড়ে ৫ শতাংশ। তখন গৃহঋণে খেলাপি ছিল দেড় শতাংশ। ২০১৬ সালে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৮ শতাংশ, গৃহঋণে তা মাত্র ৩ শতাংশ।
ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের মধ্যে গৃহঋণ বিতরণে সবচেয়ে এগিয়ে আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। ২০১৬ সালে মোট গৃহঋণের ৫৫ শতাংশ বিতরণ করেছে বেসরকারি ব্যাংক।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, সাধারণ মানুষ গৃহনির্মাণে যাতে সহজে ঋণ পায়, সে বিষয়ে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। গৃহঋণের নানা দিক বিশ্লেষণ করে নীতিমালা প্রণয়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। এ নীতিমালা প্রণয়ন সম্পন্ন হলে গ্রাহকের সহজে ঋণ পাওয়ার পথ সুগম হবে।
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন, গৃহনির্মাণ খাতে ঋণের পরিমাণ আরও বাড়াতে হবে। তবে এ ঋণ হতে হবে স্বল্প সুদের। এ ঋণ যাতে গ্রামের মানুষ পায়, তারও ব্যবস্থা করতে হবে।
পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বিআইবিএমের অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী বলেন, গৃহঋণের বিপরীতে ব্যাংকগুলোর সঞ্চিতির পরিমাণ ১ শতাংশে নামিয়ে আনা উচিত। এতে তারা এ খাতে ঋণ দিতে আরও উৎসাহিত হবে। সরকারকে বিভিন্ন আবাসন প্রকল্পে গ্যাস, বিদ্যুতের মতো মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করতে হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য গৃহঋণ পাওয়ার সুযোগ আরও সহজ করতে হবে। এতে বৈধ পথে প্রবাসী আয় আসা বাড়বে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআইবিএমের অধ্যাপক ইয়াছিন আলী, পরিচালক প্রশান্ত কুমার ব্যানার্জী, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান প্রমুখ।