‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার এই কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, সরকার শ্রমিক সংগঠন ও বেসরকারি সংস্থাকে সম্পৃক্ত করে গৃহকর্মীদের সুরক্ষায় তদারকি সেল গঠন করেছে। মানুষ যাতে গৃহকর্মী সুরক্ষা নীতিমালা মেনে চলে, সে জন্যই ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের নেতা-কর্মীদের হাতে প্রচারপত্র ও পোস্টার তুলে দেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে গতকালের অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম, বিলসের মহাসচিব ওয়াজেদুল ইসলাম খান, নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি