গৃহসজ্জার প্রতিযোগিতা 'হোমফেস্ট' ডিসেম্বরে

ইন্টেরিয়র ডিজাইনারদের সৃজনশীল কাজ খুঁজে বের করতে আগামী ডিসেম্বরে ঢাকায় শুরু হতে যাচ্ছে গৃহসজ্জার প্রতিযোগিতা ‘হোমফেস্ট ঢাকা ২০১৬’। বিজ্ঞাপনী সংস্থা উইন্ডমিল অ্যাডভারটাইজিংয়ের উদ্যোগে আগামী ২ ও ৩ ডিসেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতা আয়োজিত হবে। প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরতে গতকাল সোমবার রাজধানীর ডেইলি স্টার ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বরের মূল আয়োজন সামনে রেখে প্রথম ধাপে একটি ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতা হবে। সেখানে সেরা ডিজাইন ও সেরা দলের জন্য থাকছে ছয় লাখ টাকার পুরস্কার। প্রথম ধাপের প্রতিযোগিতা থেকে বাছাই করা ১৮ জন ডিজাইনারকে তিনটি দলে ভাগ করে দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। এই ধাপে প্রতিটি দলকে একটি থিম ঠিক করে মাস্টার বেড, লিভিং রুম, ডাইনিং রুম, কিডস বেড, টয়লেট ও কিচেন রুম নিয়ে গৃহসজ্জার পরিকল্পনা করতে হবে। মূল আয়োজনে তাদের কাজ হবে থিমভিত্তিক ফ্ল্যাটের পরিকল্পনা করা। সেরা থিমের জন্য থাকছে তিন লাখ টাকার পুরস্কার এবং প্রত্যেক সেরা কক্ষ শ্রেণির জন্য থাকছে ৫০ হাজার টাকার পুরস্কার।
আয়োজকদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
উইন্ডমিল অ্যাডভারটাইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান সংবাদ সম্মেলনে বলেন, গতবারের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে, বাংলাদেশে প্রতিভা ও সম্পদের অভাব নেই। এখন প্রয়োজন একটি প্ল্যাটফর্মের, যেখানে প্রতিভাধর তরুণেরা নিজেদের সৃষ্টিশীল কাজ তুলে ধরতে পারবে। সেই উদ্দেশ্য সামনে রেখেই এই আয়োজন।
প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে থাকছে বার্জার পেইন্টস, এসএসজি, হাতিল ফার্নিচার, আম্বার বোর্ডস, ট্যাপারওয়্যারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে উইন্ডমিল অ্যাডভারটাইজিংয়ের চেয়ারম্যান রাশিদ খান, বার্জার পেইন্টস বাংলাদেশের মহাব্যবস্থাপক এ কে এম সাদেক নওয়াজ, আম্বার গ্রুপের ডিরেক্টর অব অপারেশন এ বি এম সাইফুল হক, সুপার স্টার গ্রুপের বিপণন বিভাগের প্রধান আফতাব মাহমুদ খুরশিদ, হাতিল ফার্নিচারের বিপণন বিভাগের প্রধান ফিরোজ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।