
না বিক্রেতা, না ক্রেতার—ব্যস্ততার অন্ত নেই কারও। দোকানজুড়েই টুংটাং শব্দ। হুমড়ি খেয়ে বিভিন্ন গৃহস্থালি পণ্য কিনছেন ক্রেতারা। তবে অধিকাংশ ক্রেতাই নারী। কারণ, ঘর তো তাঁদেরই সামলাতে হয়। গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গৃহস্থালি পণ্যের প্যাভিলিয়নগুলোতে এমনটাই চোখে পড়ে।
গৃহস্থালি পণ্যের দোকানগুলোতে নন-স্টিক পণ্যে বিভিন্ন ধরনের ছাড় থাকলেও অ্যালুমিনিয়ামের পণ্যে তেমন ছাড় নেই। তবে একাধিক পণ্য কিনলে ক্রেতারা কোনো না কোনো ছাড় পাবেনই।
বাণিজ্য মেলায় সবচেয়ে বড় গৃহস্থালি পণ্যের সমাহার ঘটিয়েছেন কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ। কিয়ামের বিপণন কর্মকর্তা শাহীন আলম বলেন, তাঁদের স্টলে রয়েছে পিউর অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, হটপট, রাইস কুকার, ইলেকট্রিক চুলা এবং নন-স্টিকি চুলা। তিনি বলেন, তাঁদের বেশির ভাগ পণ্যই দেশি। সে জন্য দামে সস্তা। তবে নন-স্টিক পণ্য বিদেশি। সেখানে ছাড় পাবেন ক্রেতারা।
এই স্টলে ক্রেতা শাহানা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘একসঙ্গে অনেক জিনিস পাওয়া যায়। দেখেশুনে কেনা যায়। দাম বেশি মনে হচ্ছে না।’ তবে আবদুর রহিম নামে আরেক ক্রেতা বলেন, ‘যে জগটির বাইরে দাম ১২০ টাকা, মেলায় সেটা ১৫০ টাকা।
দিল্লি অ্যালুমিনিয়ামের স্টলে অন্যান্য পণ্যে ছাড় থাকলেও কারুকাজ করা টিফিন ক্যারিয়ার, মগ, থালাবাসন ও হাঁড়িতে কোনো ছাড় নেই। সেখানে গিয়ে কথা হলো আলমগীর হোসেন নামের একজন ক্রেতার সঙ্গে। তিনি বললেন, এগুলোর দাম অনেক বেশি। একটি টিফিন ক্যারিয়ার চাইছে ১৫০০ টাকার বেশি।
দিল্লি অ্যালুমিনিয়ামের হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘নকশা করা এসব পণ্য একমাত্র মেলাতেই পাওয়া যাবে। অন্য কোথাও পাওয়া যাবে না। আমাদের মান ভালো। একদর। কোনো অফার নেই।’
বাণিজ্য মেলায় জেসিএল হোম অ্যাপ্লায়েন্স জুস ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি, কিচেন হুড, ওয়াটার ফিল্টার, গ্যাস-স্টোভ ও রাইস কুকার নিয়ে এসেছে। বিভিন্ন পণ্যে তারা ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার শাহ আলম বলেন, ‘গৃহস্থালি পণ্যে আশানুরূপ সাড়া পাচ্ছি না। তবে টুকটাক বিক্রি হচ্ছে।’
চীন, মালয়েশিয়া ও ভারত থেকে মিয়াকোসহ বিভিন্ন ব্র্যান্ডের গৃহস্থালি পণ্য নিয়ে মেলায় সমাহার ঘটিয়েছেন নোয়া রয়ালেক্স মেটাল। নোয়া রয়ালেক্সের বিক্রয় প্রতিনিধি মেহেদি খন্দকার বলেন, মেলা উপলক্ষে ব্র্যান্ডভেদে প্রতিটি পণ্যে ১০–২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।