গৃহায়ণ খাতে দুই মহানগরের বাইরে বিএইচবিএফসির ঋণ-কার্যক্রম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে ‘অন্যান্য এলাকায়’ গৃহায়ণ খাতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ঋণ-কার্যক্রম বাড়ছে। করপোরেশনের ত্রৈমাসিক বুলেটিন গৃহঋণ বার্তা থেকে জানা যায়, ২০০২-০৩ অর্থবছরে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে অন্যান্য এলাকায় মোট ঋণ মঞ্জুরির পরিমাণ এবং ঋণ নিষ্পত্তির সংখ্যা ছিল যথাক্রমে ১০ কোটি ১৭ লাখ টাকা ও ১৪৭টি। এ সময় করপোরেশনের মোট ঋণ মঞ্জুরির পরিমাণ ও ঋণ নিষ্পত্তির সংখ্যার বিপরীতে এই ‘অন্যান্য’ এলাকার অংশগ্রহণ ছিল যথাক্রমে ১২ দশমিক ২৭ ও ১৭ দশমিক ৯৭ শতাংশ। তবে ১০ বছরের ব্যবধানে দুই মহানগরের বাইরে দেশের অন্যান্য এলাকায়ও ঋণ-কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে ২০০৬-০৭ অর্থবছর থেকে অন্যান্য এলাকার জেলা, উপজেলা ও গুরুত্বপূর্ণ গ্রোথ-সেন্টারে ঋণ মঞ্জুরির পরিমাণ ও ঋণ নিষ্পত্তির সংখ্যা বেড়েছে। এতে তুলনামূলক কম উন্নত এলাকার মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত জনগোষ্ঠী ঋণসুবিধা পাচ্ছে। সর্বশেষ ২০১১-১২ অর্থবছর শেষে অন্যান্য এলাকায় মোট ঋণ মঞ্জুরির পরিমাণ ও ঋণ নিষ্পত্তির সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১৭৩ কোটি ২৩ লাখ টাকা ও ৭৯৭টি। এটি করপোরেশনের মোট ঋণ মঞ্জুরির পরিমাণ ও ঋণ নিষ্পত্তির সংখ্যা যথাক্রমে ৪৭ দশমিক ২৭ ও ৫৩ দশমিক ৬ শতাংশ।একই সময় ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় এলাকায় মোট ঋণ মঞ্জুরির পরিমাণ ও ঋণ নিষ্পত্তির সংখ্যা যথাক্রমে ১৯৩ কোটি ২০ লাখ টাকা ও ৬৯০টি। করপোরেশন চলতি ২০১২-১৩ অর্থবছরে গৃহায়ণ খাতে ৪০০ কোটি টাকার ঋণ মঞ্জুরি ও সাড়ে ৩০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।