গৃহায়ণ খাতের পরিকল্পনা দরকার: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ খাতে পরিকল্পিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ জন্য বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনকে (বিএইচবিএফসি) ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ চিন্তা করে বিএইচবিএফসিকে পরিকল্পনা নিতে হবে। খবর ইউএনবির। গতকাল শনিবার উত্তম ঋণ পরিশোধকারী ব্যক্তিদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বিএইচবিএফসি। বিএইচবিএফসির কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বিএইচবিএফসির চেয়ারম্যান ইয়াসিন আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম তালুকদার প্রমুখ। অর্থমন্ত্রী বলেন, ‘এ দেশে গৃহায়ণ খাতের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এর জন্য দরকার পরিকল্পিত উন্নয়ন।’ তিনি জানান, বর্তমান সরকার বিএইচবিএফসির মূলধন বাড়িয়েছে, যাতে সংস্থাটির শাখা বিস্তৃত করা সম্ভব হয়। অনুষ্ঠানে পাঁচজন উত্তম ঋণ পরিশোধকারীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন মোশারফ হোসেন, লিয়াকত হোসেন ভুঁইয়া, আবদুল হাকিম, সালেহা বেগম ও শহিদুর রহমান।