গেজেট প্রকাশ পর্যন্ত শান্ত থাকার আহ্বান মালিক-শ্রমিকপক্ষের
২১ নভেম্বর পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরির সিদ্ধান্ত চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে মালিক ও শ্রমিকপক্ষ। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। এর আগে ৫২টি শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে বিজিএমইএ।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৫৩০০ টাকা ঘোষণা করে। ২১ তারিখের মধ্যে সিদ্ধান্তটি চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ হবে। সে পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উত্পাদনের ধারা অব্যাহত রাখব।’ তিনি বলেন, ‘এই সময়ে কোনো প্রকার ধ্বংস, ভাঙচুর বা অসহযোগ আন্দোলনে যাব না। এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ পোশাক খাতে বহির্বিশ্বে আমাদের ইমেজ সংকট দেখা দেবে। তাই দেশের বৃহত্ স্বার্থে এই শিল্পকে টিকিয়ে রাখতে আমরা কোনো ধরনের সংঘাতে জড়াব না।’
সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, নিম্নতম মজুরি ঘোষণার পর ১৪ দিন আপিল ও সুপারিশ করার সুযোগ আছে। ২১ নভেম্বর পর্যন্ত সময় আছে। মালিক নেতারা আমাদের আশ্বস্ত করেছেন, এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা যুুক্তিযুক্ত সিদ্ধান্তে পৌঁছাব। এর আগ পর্যন্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।