গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.১১ শতাংশ
গত অর্থবছরে (২০১৫-১৬) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত হিসাবে এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।
এর আগে গত অর্থবছরে ৭ দশমিক ০৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রাক্কলন করেছিল বিবিএস। এখন চূড়ান্ত হিসাবে তা কিছুটা বাড়ল।
বিবিএস সূত্রে জানা গেছে, গত অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি কমলেও শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি বেড়েছে। শিল্প খাতে ১১ দশমিক ০৯ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৯ শতাংশ।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতির সব খাত ভালো করায় প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়েছে।
বিবিএস তথ্য অনুযায়ী, গত অর্থবছর শেষে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ মার্কিন ডলার।