গোঁজামিল করে লভ্যাংশ দিয়েছে প্রিমিয়ার ব্যাংক
বেসরকারি প্রিমিয়ার ব্যাংক গোঁজামিল দিয়ে শেয়ারের বিপরীতে লভ্যাংশ বিতরণ করেছে। এ দফাতে আমানতের নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) অর্থ মুনাফা হিসেবে দেখিয়ে লভ্যাংশ দেওয়া হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ-১ এ কাজে তাদের অনুমোদন দিয়েছে।
ব্যাংকের দুই বছরের নিরীক্ষিত ব্যালেন্স শিট বা স্থিতিপত্র ও অর্ধবার্ষিক আর্থিক হিসাব প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য মিলেছে।
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন এইচ বি এম ইকবাল; যিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সাবেক সাংসদ।
এর আগে ২০০৯ সালের আর্থিক হিসাবে খারাপ মানের ঋণকে গোপন করে ভালো মান দেখিয়ে লভ্যাংশ বিতরণ করেছিল ব্যাংকটি। সে দফাতে বাংলাদেশ ব্যাংক ছাড়ও দেয়। অথচ কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব পরিদর্শনে তথ্যগুলো বের হয়েছিল। তার আগেও ২০০৯ সালে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার পর অস্বাভাবিক দ্রুততর গতিতে তা প্রত্যাহার করে কেন্দ্রীয় ব্যাংক।
সে দফাতে শীর্ষস্থানীয় বিভিন্ন পদে নিয়োগ নিয়ে নানা অনিয়ম এবং যোগ্যতা ও দক্ষতা নেই, এমন ব্যক্তিদের নিয়োগ করায় ২০০৯ সালের ১৭ মে আমানতকারীর স্বার্থরক্ষা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংকটির পরিচালনা পর্ষদে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু পর্যবেক্ষক কোনো পর্ষদ বৈঠকে যোগ দেওয়ার আগেই প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ব্যাংক। এগুলো নিয়ে প্রথম আলোসহ গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের একটি সূত্র জানায়, ২০১২ সালে তাদের হাতে থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) প্রয়োজন ছিল ৩৯ কোটি ২৮ লাখ টাকা। কিন্তু ব্যাংক মাত্র আট কোটি তিন লাখ সংরক্ষণ করে। বাংলাদেশ ব্যাংক হিসাবটি ধরে। তখন কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দেয় ৩১ কোটি ২৫ লাখ টাকা নতুন করে সংরক্ষণ করতে হবে। আরও কিছু অনিয়ম থাকায় বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির আর্থিক হিসাব নতুন নিরীক্ষক দল দিয়ে পুনরায় নিরীক্ষা করে জুন ভিত্তিতে সংবাদপত্রে তা ছাপতে বাধ্য করে।
কিন্তু ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন তথ্যে এই প্রভিশনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ ব্যাংকের হাতে থাকা শেয়ারও বিক্রি করা হয়নি।
আগের বছরের প্রভিশনের টাকাগুলো কোথায় গেছে, এ ব্যাপারে প্রশ্ন করা হলে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু হানিফ খান বেশ কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, তাঁদের মোট ১২৮ কোটি টাকার প্রভিশন এ বছরের মধ্যে সমন্বয় করতে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ সময় দিয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি বলেন, গত ডিসেম্বরে তাঁরা ২০ কোটি টাকা সংরক্ষণ করেছেন, ১৫ কোটি টাকা মার্চে সংরক্ষণ করেছেন, জুনে করেছেন ৩৫ কোটি টাকা, বাকি অর্থ সেপ্টেম্বর প্রান্তিক শেষে সংরক্ষণ করবেন। কিন্তু আগের বছরের স্থিতিপত্রের পর জুন-২০১৩-তে যে আর্থিক হিসাব সংবাদপত্রে ছাপা হলো, সেই হিসাবের তথ্য পরের বছর এসে মুনাফা আকারে বিতরণ করা যায় কি না, প্রশ্নের জবাব দিতে তিনি পরের দিন কথা বলতে চান। কিন্তু হানিফ খানকে আর যোগাযোগ করে পাওয়া যায়নি।
গত সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম মাজেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শেয়ারবাজার বিবেচনায় তাঁদেরকে কিছু করতে হয়েছে। তিনি বলেন, প্রথমে তাঁদের কিছু ভুল হয়েছিল। নিয়ম অনুসারে পরে তা ঠিক করে জুনের আর্থিক হিসাবে প্রকাশ করা হয়। ২০১৩-তে এসে আরও কিছু প্রভিশনের পরিমাণ বেড়েছে। সব নিয়ে সেপ্টেম্বরভিত্তিক নিয়মমাফিক প্রভিশন সংরক্ষণ করা হবে।
’১৩ সালের নিরীক্ষিত ব্যালেন্স শিটে নোট দিয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-১-এর চিঠি (ডিবিআই-১/১১৮/ ২০১৪-১০০৮) অনুসারে ২০১৪ সালে এই প্রভিশন সংরক্ষণ করা হবে। এ বিষয়ে পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক অশোক কুমার দে বলেন, কখনো কখনো তাঁরা ব্যাংকের আবেদনে চলতি বছরের প্রভিশন সংরক্ষণের কিছু সময় দেন। কিন্তু আগের বছরের স্থিতিপত্রে কারসাজি ধরা পড়ার পর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে যে আর্থিক হিসাব সংবাদপত্রে ছাপা হয়েছে, তার অর্থ এনে মুনাফা দেখানো এবং নতুন করে প্রভিশন সংরক্ষণের সময় দেওয়া যায় কি না—প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য গোপন করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রিমিয়ার ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি। ২০১৩ সালে ব্যাংকটি ১০ শতাংশ হারে স্টক বা বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করে ইতিমধ্যেই তা বিতরণ করে দিয়েছে। নিয়ম অনুসারে, ৩৯ কোটি টাকার প্রভিশন রাখলে গত বছর ব্যাংক ১০ শতাংশ হারে লভ্যাংশ বিতরণ করতে পারত না। আর সেটা না পারলে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির বিধিমালা অনুসারে ব্যাংকটির শেয়ার ‘বি’ বা ‘জেড’ ক্যাটাগরিতে নেমে আসত।
ব্যাংকের একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে এ বিষয়ে কারণ দর্শাতে বললে তার একটা জবাব তারা দিয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।