গোপনীয়তার স্বার্থে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজার্ভ চুরির সঙ্গে জড়িত বিদেশি অপরাধীরা যাতে জানতে না পারে, সে কারণেই তদন্তের কোনো তথ্য প্রকাশ করছে না বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন।
রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কর্মকর্তারা হয়তো জড়িত বলেই তদন্ত প্রতিবেদন প্রকাশ হচ্ছে না—এমন অভিযোগ করেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। এর জবাবে এ কথা বলেন আজমালুল হোসেন। তিনি বলেন, এ ঘটনার সব তদন্ত সম্পর্কে বাংলাদেশ ব্যাংক খুব ভালোভাবেই অবগত। বাংলাদেশ ব্যাংক ইচ্ছে করেই তদন্তের তথ্য গোপন রেখেছে, যাতে বিদেশি অপরাধীরা এ বিষয়ে জেনে সতর্ক হতে না পারে।
এ বিষয়ে প্রথম আলোর পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে সাইবার অপরাধীরা। এর মধ্যে দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায়, যা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার চার হিসাবের মাধ্যমে চলে যায় দেশটির ক্যাসিনোতে। ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খোঁজ মিলেছে ১ কোটি ৮০ লাখ ডলারের। এখন পর্যন্ত বেশির ভাগ অর্থ উদ্ধার হয়নি এবং অপরাধীদের শনাক্ত করা যায়নি।
রিজার্ভ চুরির ঘটনার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ফরেনসিক তদন্তের দায়িত্ব দেওয়া হয় যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা-বিষয়ক প্রতিষ্ঠান ফায়ার আইকে। গত জুলাইয়ে ফায়ার আইয়ের সঙ্গে চুক্তি শেষ হয় বাংলাদেশ ব্যাংকের। চুক্তি কেন পুনরায় নবায়ন করা হচ্ছে না, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন করে আরসিবিসি। সেই সঙ্গে তদন্তের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার আইয়ের সঙ্গে চুক্তি নবায়নেরও পরামর্শ দেয় তারা।
আরসিবিসি ব্যাংকের লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স-প্রধান মারিয়া সেলিয়া এসতাভিল্লো বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত বলেই প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। পুরো তদন্ত শেষ করতে হবে। বাংলাদেশে কী হয়েছিল ও কারা জড়িত, তা বের হওয়া উচিত। প্রতিবেদনের একটি অনুলিপি ফিলিপাইন সরকারের পাওয়া উচিত।
আরসিবিসির আইনি পরামর্শক থিয়া টি দায়েপ সম্প্রতি এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ ব্যাংক ‘নিকৃষ্ট’ ও ‘সস্তা’ সার্ভার সিস্টেম ব্যবহার করেছে। সেখানে কোনো প্রতিরোধক বা ফায়ারওয়াল ছিল না। এ কারণে হ্যাকাররা সহজে সাইবার নিরাপত্তাব্যবস্থা ভেঙে অর্থ সরিয়ে নিতে পেরেছে। থিয়ার দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, কী এমন ঘটেছিল যে তারা নিজেরাই তা জানতে চায় না। তবে যা ঘটেছিল, তা অবশ্যই জনগণকে জানানো উচিত। তারা শুধু বলছে, এ ঘটনায় তারা ভুক্তভোগী এবং অর্থ ফেরত পেতে চাইছে। অথচ ঘটনার শুরুটা হয়েছিল তাদের অবহেলার কারণে।
এ ঘটনার দায়ে ৫ আগস্ট আরসিবিসিকে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ১০০ কোটি পেসো বা ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করে। দুই কিস্তিতে পরিশোধযোগ্য এ জরিমানার অর্ধেক গতকাল পরিশোধ করেছে আরসিবিসি।