
বাংলাদেশকে আন্তর্জাতিক বন্ড বাজার থেকে ২০০-৩০০ কোটি ডলার সংগ্রহ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। বন্ডের মেয়াদ হবে পাঁচ থেকে ১০ বছর। সচিবালয়ে গত বৃহস্পতিবার গোল্ডম্যান স্যাক্সের প্রতিনিধিরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে এ প্রস্তাব দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। এই প্রস্তাব গ্রহণ করা হবে কি না, সে ব্যাপারে অর্থমন্ত্রী অবশ্য গোল্ডম্যান স্যাক্সকে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানাননি। সাংবাদিকদের তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। তারপর সিদ্ধান্ত নেব।’ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। গোল্ডম্যান স্যাক্সের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন জোনাথন ডান, পল এস রোজ, রায়াদ ইউসুফ প্রমুখ।