গোষ্ঠী বিমার অর্থ দিতে তাগাদা
আগামী এক বছরের গোষ্ঠী বিমার প্রিমিয়াম ও শ্রমিক-কর্মচারীদের নামের তালিকা জমা দিতে সদস্য পোশাক কারখানাগুলোকে আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিজিএমইএ। এতে ব্যর্থ হওয়া কারখানাগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তৈরি পোশাক শিল্পমালিকদের এই সংগঠন। বিজিএমইএ গত মঙ্গলবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, শনিবারের মধ্যে টাকা ও শ্রমিক-কর্মচারীদের নামের তালিকা না দিলে সংশ্লিষ্ট কারখানা গোষ্ঠী বিমার আওতাভুক্ত থাকবে না। ফলে ওই সব কারখানার কোনো শ্রমিক-কর্মচারী মৃত্যু কিংবা পঙ্গুত্ববরণ করলে গোষ্ঠী বিমা থেকে ক্ষতিপূরণের অর্থ পাবে না। গোষ্ঠী বিমার আওতাভুক্ত না হওয়া পর্যন্ত ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি), ইউটিলাইজেশন পারমিশনসহ (ইউপি) বিজিএমইএর বিভিন্ন সেবাও এ ধরনের কারখানাগুলোর জন্য বন্ধ থাকবে। বর্তমানে বিমা থেকে দুর্ঘটনায় শ্রমিক-কর্মচারী মৃত্যু বা পঙ্গুত্ববরণ করলে ২ লাখ টাকা, আংশিক পঙ্গুত্ববরণে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়ে থাকেন। শ্রমিক সংখ্যা ভেদে বিমার প্রিমিয়াম বাবদ পোশাক কারখানাগুলোকে বছরে ২৬ হাজার থেকে ২ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত দিতে হয়।