গোটা অর্থনীতি বহুমুখীকরণের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী পণ্যের বহুমুখীকরণ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন অর্থনীতির সার্বিক বহুমুখীকরণ। অর্থাৎ শুধু রপ্তানি শিল্পের বিকাশ হলেই চলবে না, অভ্যন্তরীণভাবে চাহিদা বাড়িয়ে গোটা অর্থনীতিকে বহুমুখীকরণ বা বৈচিত্র্যায়ন করতে হবে।গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই অভিমত প্রকাশ করেন। মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতিতে চ্যালেঞ্জ ও সুযোগ: বাংলাদেশের সামনে চলা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।আলোচনায় প্রথম মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বজলুল হক খন্দকার। এতে তিনি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ার বিরাট সুযোগ তৈরি হয়েছে যা কাজে লাগানোর জন্য অবকাঠামোগত প্রতিবন্ধকতা দূর করে ও অনুকূল বাণিজ্যনীতির মাধ্যমে সমর্থন দিতে হবে।বজলুল হক খন্দকারের মতে, গতানুগতিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও স্থানীয় বিনিয়োগের মাধ্যমে অবকাঠামোর সমস্যা হ্রাস করা যাবে না। সরকারি-বেসরকারি অংশীদার (পিপিপি) ও বিদেশি বিনিয়োগ লাগবে।তবে মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার ছয় মাস পরও পিপিপির আওতায় কোনো প্রকল্প বাস্তবায়ন শুরু হয়নি বলে উল্লেখ করেন তিনি বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় পিপিপিকে পাঁচ বছরের মাথায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ছয় শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।বিদ্যমান বাণিজ্যনীতিকে রপ্তানিবিমুখী হিসেবে অভিহিত করে বজলুল হক খন্দকার বলেন, বর্তমান শুল্ক কাঠামো রপ্তানির প্রতিযোগিতাকে পিছিয়ে দিচ্ছে ও নতুন পণ্য রপ্তানির প্রবৃদ্ধিকে ব্যাহত করছে, যা রপ্তানির বহুমুখীকরণে বাধা তৈরি করেছে।বজলুল হক জনশক্তি রপ্তানি কার্যক্রমেও সম্ভাবনার উল্লেখ করে বলেন, ইউরোপের বিভিন্ন দেশসহ জাপান ও আমেরিকায় সেবিকা, প্রবীণ আবাস সহায়ক ইত্যাদি আধাদক্ষ শ্রমজীবীর চাহিদা বাড়ছে যা আরও বাড়বে। যথাযথ পরিকল্পনা গ্রহণ করে সঠিক প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ এই বাজারে প্রবেশ করতে পারে। বজলুল হক আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে বাংলাদেশ এখন আফ্রিকার বিভিন্ন দেশে উদ্বৃত্ত জমি ইজারা নিয়ে খাদ্যশস্য উৎপাদনের কথা ভাবছে। ১০ বছরে চীন, ভারত এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এ কাজে অনেকখানিক অগ্রসর হয়েছে। তবে মধ্যমেয়াদি কৌশল হিসেবে এদিকে যাওয়ার বদলে বাংলাদেশের বরং ন্যায্য বাণিজ্য প্রচারণায় জোরালোভাবে সম্পৃক্ত হওয়া যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন তিনি। এই প্রচারণায় রপ্তানিকারকেরা যেন অত্যাবশ্যকীয় পণ্য আটকে না রাখে, সেদিকে জোর দেওয়া হচ্ছে।অপর উপস্থাপনায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান মনসুর বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি রপ্তানিভিত্তিক হয়ে পড়েছে, যা কি না পূর্ব এশিয়ার (চীন ব্যতীত) প্রবৃদ্ধির ধরনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। আবার বিশ্বায়িত অর্থনীতিতে বাংলাদেশের সম্পৃক্ততাও বেড়েছে।তবে আহসান মনসুর এও বলেন, তৈরি পোশাক খাতের রপ্তানির প্রবৃদ্ধির ধরে রাখতে হবে যেন রপ্তানি নিয়মিত থাকে। আর সে কারণেই অপরিহার্য হয়ে পড়েছে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ। এ ক্ষেত্রে জাহাজ নির্মাণ, চামড়া ও পাদুকা, হালকা প্রকৌশল, ওষুধ এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যথেষ্ট সম্ভাবনাময়।এই সম্ভাবনাকে অর্থবহ করার জন্য আহসান মনসুর তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। এগুলো হলো—প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সামর্থ্য উন্নতকরণ; মূলধন প্রাপ্তি; ও বৃহত্তর বাজার সুবিধা। শুধু অভ্যন্তরীণ সম্পদ দিয়ে এগুলো অর্জন করা যাবে না উল্লেখ করে তিনি বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন।প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান বলেন, বিভিন্ন সংকটে আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল যেভাবে ভেঙে পড়ে তা থেকে রক্ষা পেতে সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকও কৃষিখাতকে সব রকম সমর্থন দিচ্ছে।সম্প্রতি নিজের একটি মাঠ সফরের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে গভর্নর বলেন, ঈশ্বরদীতে একজন কৃষক তিন কোটি টাকা ঋণ নিয়ে বিপুল পরিমাণ বাউকূল ও পেয়ারা চাষ করেছে। পার্বত্য চট্টগ্রামের আদাচাষিরা এখন দেশের এক-চতুর্থাংশ আদার জোগান দিচ্ছে। এভাবে কৃষিতে বহুমুখীকরণ বাড়ছে।আতিউর আরও বলেন, একতরফা উন্নয়ন যথেষ্ট নয়। আর তাই রপ্তানিমুখী শিল্পের বিকাশ হলেই চলবে না। অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে হবে।গভর্নর আশা প্রকাশ করেন যে নানা সংকট সত্ত্বেও চলতি অর্থবছর প্রবৃদ্ধির হার সাত শতাংশের কাছাকাছি থাকতে পারে। কেননা কৃষি খাত এবার চার শতাংশ এবং উৎপাদনমুখী (ম্যানুফ্যাকচারিং) খাত ১২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে পারে।আলোচনায় অংশ নিয়ে ইকোনমিক রিসার্চ গ্রুপের পরিচালক সাজ্জাদ জহির বলেন, খাদ্য নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে মনোযোগ দিতে হবে। আঞ্চলিক সম্পৃক্ততার কথা বলা হলেও রেলওয়ের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না।ডেইলি সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।সভাপতির ভাষণে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, মধ্য আয়ের দেশ হওয়ার চেয়ে মানব উন্নয়ন সূচকে মধ্য কাতারে উঠে আসা অধিক অর্থবহ। অর্থনীতির বিভিন্ন খাতে তথা সব রকম বহুমুখীকরণের ওপর জোর দেন তিনি।প্রতিবেশী পরিবর্তন করার সুযোগ নেই উল্লেখ করে ফরাসউদ্দিন আরও বলেন, আঞ্চলিক সম্পৃক্ততাকে অর্থবহ করতে হবে, এ থেকে সুফল পেতে নিজেদের ভালোভাবে কাজ করতে হবে।সুদের হার কমলেই শিল্পায়ন ও উন্নয়ন হবে—এমন ধারণা নাকচ করে দেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া সুদের হার বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদের বিরাট সঞ্চয় গড়েছে। আর জাপান গত এক দশকের বেশি সময় ধরে সুদের হার প্রায় শূন্যের কাছে রেখেও কোনো গতিময়তা পায়নি।