গোপন রাখতে হবে গ্রাহকের তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের তথ্য গোপন রেখে আউটসোর্সিং বা তৃতীয় পক্ষের মাধ্যমে ব্যাংকিং সেবা দেওয়ার নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। আউটসোর্সিং করতে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ ও দেশের বাইরের গ্রাহককে এ সেবা দেওয়া যাবে।

তবে সেবাদানকারী প্রতিষ্ঠান যাতে উদ্দেশ্যমূলক বা অসতর্কভাবে গ্রাহক বা ব্যাংকের গোপনীয় তথ্য প্রকাশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ব্যাংককে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল রোববার এ সংক্রান্ত নীতিমালা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নীতিমালাতে প্রত্যেক ব্যাংককে তাদের সার্বিক সেবার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া নীতিমালার আলোকে একটি করে পৃথক নীতিমালা করতে বলা হয়েছে।

নীতিমালাতে ব্যাংকের আউটসোর্সিং কর্মকাণ্ড পরিচালনায়  কোন ধরনের নির্দেশনা অনুসরণ করা হবে তার উল্লেখ থাকতে হবে।

আউটসোর্সিং সেবার সব দায় ব্যাংককে নিতে হবে। অন্যদিকে ব্যাংকের মৌলিক কর্মকাণ্ড, মৌলিক ব্যবস্থাপনা ও মৌলিক ব্যাংকিং কর্মকাণ্ড আউটসোর্সিংয়ের মাধ্যমে করা যাবে না। দেশের আইন, সংবিধান, বাংলাদেশ ব্যাংকের কোনো আইন, ব্যাংকের পরিচালনা ও মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন কোনো কাজ করা যাবে না।

নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে দেশের রাজনীতি, অর্থনীতি ও আইনি কাঠামোতে নেতিবাচক প্রভাব ফেলে এমন কোনো প্রতিষ্ঠানকেও আউটসোর্সিংয়ে যুক্ত করা যাবে না বলে বাংলাদেশ ব্যাংকের নীতিমালাতে উল্লেখ করা হয়েছে। আবার সেবাদানকারী প্রতিষ্ঠান যাতে উদ্দেশ্যমূলকভাবে বা অসতর্কতাবশত কোনো অননুমোদিত ব্যক্তির কাছে ব্যাংক কিংবা ব্যাংকের গ্রাহকসম্পর্কিত গোপনীয় তথ্য প্রকাশ না করতে পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।