গোপালগঞ্জে ৩৬ জন উদ্যোক্তাকে ৯৯ লাখ টাকার চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের (এসএমই) আওতায় কৃষিভিত্তিক শিল্পে অর্থায়ন ও উন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জে ব্যাংকার-চেম্বার এসএমই উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়।গতকাল শনিবার দুপুরে স্থানীয় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, বণিক সমিতি ও জেলায় অবস্থিত বিভিন্ন ব্যাংকের শাখা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।সোনালী ব্যাংকের গোপালগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক অঞ্জন কুমার বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চৌধুরী মহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী ও গোপালগঞ্জ চেম্বারের সভাপতি কাজী জিন্নাত আলী। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের মহাব্যবস্থাপক এ কে এম ফজলুর রহমান, সোনালী ব্যাংক খুলনা কার্যালয়ের মহাব্যবস্থাপক মাহবুবুল হক, অগ্রণী ব্যাংকের গোপালগঞ্জ শাখার উপমহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস, ইসলামী ব্যাংকের এভিপি এ কে এম হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি শেখ মাসুদুর রহমান, নারী উদ্যোক্তা রীনা বিশ্বাস, কবীর হোসেন, ব্যবসায়ী মোশারফ হোসেন প্রমুখ।সমাবেশ শেষে প্রধান অতিথি ৩৬ জন উদ্যোক্তার মধ্যে ৯৯ লাখ টাকার চেক বিতরণ করেন।