গোল্ডবার্গ মোবাইলের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল্ডবার্গ মোবাইলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। ছবি: বিজ্ঞপ্তি
গোল্ডবার্গ মোবাইলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড গোল্ডবার্গ মোবাইল যাত্রা শুরু করেছে। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে গোল্ডবার্গের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গোল্ডবার্গের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, গোল্ডবার্গ মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসন্স গ্রুপের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, এখনো মোবাইল খাতে উল্লেখ করার মতো বিনিয়োগ হয়নি। তবে সরকার তথ্য ও প্রযুক্তি খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। মোবাইল ব্যাংকিং এখন আমাদের হাতের মুঠোয়। দেশ-বিদেশ থেকে টাকা এখন মোবাইলে আসছে। এ খাতে অবকাঠামো উন্নয়নে সরকারের পৃষ্ঠপোষকতা জোরদার করা হচ্ছে।
গোল্ডবার্গের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান বলেন, ‘আমাদের লক্ষ্য ক্রেতাদের নতুন প্রযুক্তির অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ দিয়ে দেশের সবার পছন্দের মোবাইল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। এ লক্ষ্য অর্জনে গোল্ডবার্গ বিশ্বমানের পণ্য ও নিত্য-নতুন ডিজাইনের পণ্য দেশের বাজারে আনবে।’
আবরার রহমান খান আরও জানান, দেশীয় বাজারের চাহিদার কথা বিবেচনা করে প্রথম পর্যায়ে দুই সিরিজের ফিচার ফোন ও পাঁচ সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়া হবে। এ বছরের শেষ দিকে ল্যাপটপ ও ট্যাবলেটও বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। সর্বনিম্ন ৮০০ টাকা থেকে সর্বোচ্চ সাড়ে ১২ হাজার টাকায় পাওয়া যাবে এসব মোবাইল হ্যান্ডসেট।

গোল্ডবার্গ মোবাইলের মূল প্রতিষ্ঠান খানসন্স গ্রুপের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান খান বলেন, বর্তমানে দেশে প্রতি বছর দেড় কোটি মোবাইল সেটের চাহিদা রয়েছে। আমরা চলতি বছরের মধ্যেই পাঁচ লাখ হ্যান্ডসেট গ্রাহকদের হাতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছি।