গোল্ডম্যান স্যাকসের নেক্সট ইলেভেনের পর এবারে তালিকা করল ফরাসি প্রতিষ্ঠান কোফেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবৃদ্ধি সম্ভাবনার নতুন দশে বাংলাদেশ
প্রবৃদ্ধি সম্ভাবনার নতুন দশে বাংলাদেশ

বিশ্বে অগ্রসর উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে এত দিন শক্তিশালী ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে জায়গাটা ধরে রেখেছিল, সেখানে এখন উঠে আসতে যাচ্ছে নতুন ১০টি উদীয়মান দেশ। আর এই তালিকায় রয়েছে বাংলাদেশও।
এর একটি বড় কারণ হলো ব্রিকসের দেশগুলো এতটাই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে যে এখন এই প্রবৃদ্ধি ধরে রাখা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে এই জায়গাটিতে, অর্থাৎ দ্রুত প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সম্ভাবনাময় হিসেবে উন্নয়নশীল ১০টি দেশকে চিহ্নিত করেছে ফরাসি আর্থিক ও বিমাপ্রতিষ্ঠান কোফেস।
প্রতিষ্ঠানটি এই ১০টি নতুন উদীয়মান দেশগুলোকে দুটি ভাগে ভাগ করেছে। প্রথম ভাগে রাখা হয়েছে এমন পাঁচটি দেশকে, যেখানে ভালো ব্যবসাবান্ধব পরিবেশের কারণে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন প্রায় নিশ্চিত। এই দেশের তালিকায় রয়েছে পেরু, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, কলম্বিয়া ও শ্রীলঙ্কা।
পরের তালিকাতেই রয়েছে বাংলাদেশ। এর বাইরে অন্য দেশগুলো হলো কেনিয়া, তানজানিয়া, জাম্বিয়া ও ইথিওপিয়া। এই দেশগুলোকে পরের তালিকায় রাখার কারণ হলো এখানে ব্যবসা করা বেশ কঠিন। আর এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে।
কোফেস তাদের প্রতিবেদনে বলেছে, ১০ বছর ধরে দ্রুত ব্যাপকভাবে প্রবৃদ্ধি অর্জনের পর ব্রিকসের গতি এখন কিছুটা কমে এসেছে। চলতি বছর ব্রিকস দেশগুলোর গড় প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ২ শতাংশ। এটা গত ১০ বছর ধরে বার্ষিক যে প্রবৃদ্ধি হচ্ছে তার চেয়ে কম। কিন্তু একই সময়ে অন্যান্য উদীয়মান দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুতগতিতে বাড়ছে।
উদীয়মান দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিশ্ব বাণিজ্যে এর প্রভাব নিয়ে নিয়মিতই অর্থনীতিবিদেরা নিবিড়ভাবে বিশ্লেষণ করছেন। কারণ, বৈশ্বিক অর্থনীতি এবং ক্ষমতার ভারসাম্য কেমন হবে তাতে এটিই বড় ভূমিকা রাখে।
কোফেসের হেড অব কান্ট্রি রিস্ক জুলিয়ান মার্সিলি বলেন, ২০০১ সালে ব্রিকসের দেশগুলোর সুশাসনের মান তুলনা করলে দেখা যায় তা বর্তমান সময়ের কেনিয়া, তানজানিয়া, জাম্বিয়া, বাংলাদেশ ও ইথিওপিয়ার মতো ছিল।
এ ক্ষেত্রে অবশ্য জনসংখ্যাগত দিক থেকে পার্থক্য দেখা যাচ্ছে। ২০০১ সালে ব্রিকসের দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা ছিল বিশ্বের মোট জনসংখ্যার ৪৩ শতাংশ। আর নতুন এই উদীয়মান ১০ দেশের সম্মিলিত জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১১ শতাংশ।
আবার নতুন এই ১০ দেশের এখনকার যে মোট দেশজ উৎপাদন (জিডিপি) তা ২০০১ সালে ব্রিকসের দেশগুলোর জিডিপির ৭০ শতাংশ। একই সময়ে এই দেশগুলোর চলতি হিসাবের ঘাটতির পরিমাণ জিডিপির ৬ শতাংশ, যেখানে ২০০১ সালে ব্রিকসের দেশগুলোর এ ক্ষেত্রে গড়ে উদ্বৃত্ত ছিল।
তবে আশার দিক হচ্ছে মূল্যস্ফীতি। নতুন এই ১০ উদীয়মান দেশের যে মূল্যস্ফীতি বিরাজ করছে, তা ২০০১ সালে ব্রিকসের দেশগুলোর মূল্যস্ফীতির চেয়ে ২ দশমিক ৮ শতাংশ কম। আবার এই দেশগুলোর সরকারি ঋণের পরিমাণ যেখানে জিডিপির ৪০ শতাংশ, সেখানে ২০০১ সালে ব্রিকসের দেশগুলোর তার পরিমাণ ছিল ৫৪ শতাংশ।
কোফেস বলছে, অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধির পরও ব্রিকসের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাচ্ছে। সরবরাহের ব্যবস্থার সমন্বয় এবং বিনিয়োগ কমে যাওয়াই এর কারণ। ভালো চাহিদার পরও স্থানীয় ব্যবসায়ীরা খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না।
মার্সিলি বলেন, ব্রিকস দেশগুলো এখন নতুন একটি পর্যায়ে উন্নীত হতে যাচ্ছে। কারণ, এই দেশগুলোর রপ্তানিপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাচ্ছে, বিশেষ করে অতি উচ্চমূল্য সংযোজনকারী পণ্য সরবরাহ করতে সক্ষম হচ্ছে না।
উল্লেখ্য, বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদ জিম ওনিল ২০০১ সালে অগ্রসর চার উন্নয়নশীল দেশের নামের আদ্যক্ষর নিয়ে ‘ব্রিক’ ধারণার প্রবর্তন করেন। কয়েক বছর পরে ব্রিক জোটে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। তার পর থেকে এটি ব্রিকস নামে পরিচিত হয়।
অন্যদিকে একই প্রতিষ্ঠান ২০০৫ সালে নেক্সট ইলেভেন (এন-১১) তালিকা প্রকাশ করে, যেখানে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা বিচারে উন্নয়নশীল ১১টি দেশের নাম অন্তর্ভুক্ত হয়। এই তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম। অন্য দেশগুলো হলো মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।

প্রথম দল: পেরু, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, কলম্বিয়া ও শ্রীলঙ্কা
‘ব্রিকস দেশগুলোর মতো স্বাচ্ছন্দ্যময় ব্যবসার পরিবেশ আছে এসব দেশে’

দ্বিতীয় দল: কেনিয়া, তানজানিয়া, জাম্বিয়া, বাংলাদেশ ও ইথিওপিয়া

‘ব্যবসার পরিবেশ অত্যন্ত কঠিন, যা প্রবৃদ্ধি ব্যাহত করতে পারে। তবে ব্যবসার পরিবেশ অনেকটাই আপেক্ষিক। ২০০১ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের ব্যবসার পরিবেশ এসব দেশের আজকের মতোই ছিল’