গোল্ডেন হারভেস্টের আইপিওর চাঁদা গ্রহণ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ আজ রোববার থেকে শুরু হচ্ছে। চাঁদা গ্রহণ প্রক্রিয়া শেষে শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হবে। কোম্পানিটি আইপিওতে তিন কোটি শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ঠিক করা হয়েছে ২৫ টাকা। এটির প্রতিটি মার্কেট লট বা বাজারগুচ্ছে রয়েছে ৩০০ শেয়ার। সেই হিসেবে প্রতি লট শেয়ারের জন্য আবেদনকারীদের জমা দিতে হবে সাড়ে সাত হাজার টাকা। আবেদনের শেষ সময় ৩০ ডিসেম্বর। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে যথাক্রমে বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রয়েল গ্রিন ক্যাপিটাল মার্কেট। আইপিওতে শেয়ার ছাড়ার আবেদনের সঙ্গে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) যে হিসাব জমা দিয়েছে, তাতে ২০১১ সালের জুন মাসের হিসাববছর শেষে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে চার টাকা ৭২ পয়সা। ২০১২ সালের জুন মাসে কোম্পানিটির আরও একটি হিসাব বছর শেষ হয়েছে। তবে ওই হিসাব বছর শেষে কোম্পানিটি এখনো তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। এদিকে সিমেন্ট খাতের অপর কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের আইপিও আবেদনের সময় আজ শেষ হয়ে যাচ্ছে। গত ১৭ ডিসেম্বর থেকে কোম্পানিটির আইপিওর চাঁদা গ্রহণ কার্যক্রম শুরু হয়।