গোয়াইনঘাটে ঈদবাজার এখনো জমে ওঠেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে ঈদের বাজার এখনো জমে ওঠেনি।উপজেলার গোয়াইনঘাট, সালুটিকর, তোয়াকুল বাজার ও রাধানগর বাজার ঘুরে দেখা যায়, বিপণিবিতানগুলোয় ঈদের কেনাকাটা জমজমাট আকার নেয়নি। অন্যান্য বছরে রমজানের মাঝামাঝি সময়ে বাজার জমে ওঠে। এবার ব্যবসা একেবারেই পানসে বলে জানালেন একাধিক বিক্রেতা।ক্রেতা-বিক্রেতারা জানান, চলতি বছর পর পর তিনবার ভয়াবহ বন্যা হওয়ায় সাধারণ মানুষ অর্থ-সংকটে আছে। অনেকে এখনো তাদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে পারেনি। আবার ধারকর্জ করেও বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠার চেষ্টা করছে কেউ কেউ। এ কারণে ঈদের পোশাক ও অন্যান্য খরচ মেটাতে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে।গোয়াইনঘাট বাজারের কাপড় ব্যবসায়ী আবদুর রহিম জানান, সারা বছরের স্বাভাবিক বিক্রির চেয়ে এখন একটু বেশি হলেও ঈদের বাজার বলতে যা বোঝায়, তা এখনো হয়ে ওঠেনি।সালুটিকর বাজারের ফুটপাতে আরব আলী কাপড় বিক্রি করেন। এই ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘আমার ক্রেতা হচ্ছেন খেটে খাওয়া গরিব মানুষ। কিন্তু এবার বিক্রিটা সে রকম হচ্ছে না। আর এক-দুটি দিন দেখব। ব্যবসা না জমলে অন্যত্র যেতে হবে।’বিপণিবিতানগুলোর মতো দর্জিবাড়িতেও এবার ভিড়ভাট্টা কম। বারহাল বাজারের কামাল টেইলার্সের মালিক জানান, এবার মনে হচ্ছে চাহিদা কম। আগের বার এমন সময় রাত জেগে কাজ করতে হয়েছে। এ বছর তো কর্মচারীদের বেতনও উঠবে না।তোয়াকুল ইউনিয়নের মেউয়ারকান্দি গ্রামের মোহামঞ্চদ আলী জানান, বন্যা মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে। মানুষের হাতে টাকা নেই। তাই ঈদের কেনাকাটায় নেতিবাচক প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক।গোয়াইনঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান বলেন, ‘বাজার এখনো জমে ওঠেনি সত্য। তবে আশা করি, এত খারাপ অবস্থা থাকবে না। এক-দুই দিনের মধ্যে বিক্রি বাড়বে।’