গোয়ালন্দেই এখন ঈদের সব কেনাকাটা করা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালন্দ উপজেলার অনেকেই আগে ঈদের সময় ভালোমানের পোশাক কিনতে ফরিদপুর জেলা সদর, পার্শ্ববর্তী রাজবাড়ী উপজেলা ও ঢাকায় ছুটে যেতেন। কিন্তু এবার কয়েকটি আধুনিক বিপণিবিতান গড়ে ওঠায় তাঁরা গোয়ালন্দেই সারতে পারছেন ঈদের প্রয়োজনীয় কেনাকাটা।সকাল থেকে রাত অবধি গোয়ালন্দের জনগণ এখন উপজেলা শহরে গড়ে ওঠা নতুন বিপণিবিতানগুলোর পাশাপাশি অন্যান্য হাটবাজারে ব্যাপকভাবে ঈদের কেনাকাটা করছেন। অনেককেই আবার সপরিবারে এসে যে যাঁর পছন্দের জিনিসটি কিনতে দেখা যায়।স্থানীয় কামরুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষক আউয়াল আনোয়ার ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ জানান, এলাকার অনেকেই প্রতিবছর ঈদের কেনাকাটা করতে ফরিদপুর বা ঢাকায় যেতেন। কিন্তু এ বছর গোয়ালন্দ উপজেলা শহরে কিছু আধুনিক বিপণিবিতান গড়ে ওঠায় বাইরে যাওয়ার প্রয়োজন পড়ছে না।পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, আধুনিক রুচিসম্মত দোকান ও বিপণিবিতান গড়ে ওঠায় পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সড়কে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।নতুন ডিপার্টমেন্টাল স্টোর ‘সাত রং’-এর পরিচালক ইয়াকুব হোসেন জানান, তাঁরা দেশি-বিদেশি থ্রি-পিস, শাড়ি, লুঙ্গি, লেহেঙ্গা, বাচ্চাদের পোশাক ও জুতা-স্যান্ডেল এক দামে বিক্রি করছেন এবং প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পচ্ছেন। তাঁদের ডিপার্টমেন্টাল স্টোরে প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থান থেকে বহু মানুষ ছুটে আসছেন।