গ্যালাক্সি নোট ৭ ব্যর্থতার পরও মুনাফা বেড়েছে স্যামসাংয়ের
গ্যালাক্সি নোট ৭-এর চরম ব্যর্থতার কারণে মুনাফা কমার আশঙ্কা করছিল প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তবে আশঙ্কাকে উড়িয়ে দিতে চতুর্থ প্রান্তিকে প্রত্যাশা ছাড়িয়েছে স্যামসাংয়ের মুনাফা।
বছরের শেষ প্রান্তিকে প্রায় ৫০ শতাংশ মুনাফা বেড়েছে স্যামসাংয়ের; যা ২০১৩ সালের পর সর্বোচ্চ প্রান্তিক মুনাফা। খবর বিবিসির।
বিদায়ী বছরের সেপ্টেম্বরে গ্যালাক্সি নোট ৭-এর ব্যাটারি থেকে আগুন লাগছে—এ অভিযোগের পর আড়াই লাখ ফোন বাজার থেকে তুলে নেয় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। ক্রেতাদের সেট বদলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে এই বদলে দেওয়া সেট থেকেও ধোঁয়ার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ আসতে থাকে। পরে অক্টোবরে এই ফোন উঠিয়ে নিয়ে এর উৎপাদনও বন্ধ করে দেয় স্যামসাং। সে সময় তারা জানায়, চতুর্থ প্রান্তিকে মুনাফা ২১০ কোটি ডলার কমার আশঙ্কা করছে তারা।
তবে চতুর্থ প্রান্তিকে কোম্পানিটির মুনাফা এসেছে মূলত ডিসপ্লে ও সেমি কন্ডাক্টর ব্যবসা দিয়ে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গেল কয়েক মাস স্যামসাংয়ের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার বিষয়টি প্রধান সংবাদ হয়েছিল। তবে আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে স্যামসাংয়ের ব্যবসা কেবল ফোনই নয়।