তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে প্রতিক্রিয়া
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ রপ্তানিকারকদের
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। একই সঙ্গে সংগঠনটি দেশের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন ও রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে কমানোর দাবি জানিয়েছে।
ইএবির সভাপতি সালাম মুর্শেদীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এই দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাসে পণ্য রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ঋণাত্মক, ১১ দশমিক ৯৬ শতাংশ। এ ছাড়া আগে থেকেই ইউরোর অস্বাভাবিক দরপতন ও ক্রেতারা পণ্যের মূল্য কমিয়ে দেওয়ায় দেশের রপ্তানি খাত অসম প্রতিযোগিতার শিকার হচ্ছে। এই মুহূর্তে গ্যাস-বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোটা হলো রপ্তানি খাতের ওপর মড়ার উপর খাঁড়ার ঘা।
সরকার গত বৃহস্পতিবার প্রতি ইউনিট (এক হাজার কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ এবং প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়িয়েছে। নতুন এই দর ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
ইএবি বলছে, রপ্তানিমুখী সব শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন-প্রক্রিয়ার প্রধান উপাদান গ্যাস-বিদ্যুৎ। নতুন করে এসবের দাম বাড়ানোয় উৎপাদন ব্যয় বাড়বে। এতে রপ্তানি খাতের ওপর বিরূপ প্রভাব পড়বে।
অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন: গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোকে দেশীয় শিল্প ধ্বংস করার ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন। সমিতির নেতারা বলছেন, বিশ্ববাজারে যেখানে জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের দাম হ্রাস পাচ্ছে, সেখানে দেশীয় শিল্পকে ধ্বংস করতে একটি চক্র ষড়যন্ত্র করে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াতে সক্ষম হয়েছে। এতে দেশের উদীয়মান শিল্পকারখানা বন্ধ ও স্থানীয় বাজার আমদানিনির্ভর হবে।
বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে গতকাল সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নেতারা বলেন, বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর কারণে রডসহ অন্যান্য এমএস পণ্যের দাম বাড়বে এবং ক্রেতারা এসব পণ্য ক্রয়ে নিরুৎসাহিত হবেন। এতে কোটি কোটি টাকায় গড়া স্টিল ও রি-রোলিং কারখানাগুলো হুমকির মুখে পড়বে।