গ্যাস-কয়লা দ্রুত উত্তোলনের আহ্বান আইসিসিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ (আইসিসিবি) বাপেক্সের অংশগ্রহণসহ মুক্ত প্রতিযোগিতা ও স্বচ্ছ দরপত্রের মাধ্যমে অবিলম্বে তেল, গ্যাস ও কয়লা উত্তোলনের কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছে।আইসিসিবির সদ্য প্রকাশিত ত্রৈমাসিক নিউজ বুলেটিন-এর (জানুয়ারি-মার্চ) সম্পাদকীয়তে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ‘আমরা সত্যিই যদি মধ্য আয়ের দেশে উন্নীত হতে চাই, তাহলে আমাদের ৮ শতাংশ বা এর বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হবে। তবে এটা সম্ভব হবে যদি জ্বালানি সরবরাহ ও সংশ্লিষ্ট ভৌত অবকাঠামো নিশ্চিত হয়।’আন্তর্জাতিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে আইসিসিবি বলেছে, ‘যদি প্রতিবেশী ভারত ও চীনের সুযোগগুলো একসঙ্গে ব্যবহার করা যায়, তাহলে বাংলাদেশ রপ্তানির পাওয়ার হাউস বা শক্তিশালী রপ্তানিবলয় হতে পারে।’ সংগঠনটির মতে, ‘উদীয়মান এশিয়া থেকে বাংলাদেশের অর্থনীতি উজ্জীবিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। একটি উদীয়মান বাজার অর্থনীতি হিসেবে বাংলাদেশ এখন ব্যাপক হারে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রস্তুত। চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। সব সূচকেই দেশ অত্যন্ত সফলতার সঙ্গে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠেছে। প্রক্ষেপণ অনুযায়ী এ অর্থবছরে প্রবৃদ্ধি ৬ থেকে ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। এর আগে প্রক্ষেপণ করা হয়েছিল যে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ ও ভৌত অবকাঠামো নিশ্চিত হলে বাংলাদেশ স্বল্পতম সময়ের মধ্যে দুই অঙ্কের প্রবৃদ্ধিতে পৌঁছাবে।দেশে বিদ্যমান বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য কয়লার সদ্ব্যবহার এবং বিশ্বের অন্যান্য দেশ কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনে কী পদক্ষেপ নিয়েছে, তা বিশ্লেষণ করে দেখার আহ্বান জানিয়েছে আইসিসিবি। সংগঠনটির মতে, বাইরে থেকে কয়লার খনি এবং গ্যাসফিল্ড কেনার পরিকল্পনা খুবই উচ্চাভিলাষী চিন্তাভাবনা। এর পরিবর্তে দেশে মজুদ থাকা বিপুল পরিমাণ কয়লার সদ্ব্যবহার করার ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। এই কয়লাকে সেরা বলে বিবেচনা করা হলেও তথাকথিত পরিবেশবাদীদের সস্তা রাজনীতির ফলে তা ব্যবহার করা যায়নি।এ প্রসঙ্গে সংগঠনটি জানায়, ভারতে ৬৪ শতাংশ, চীনে ৮১ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৭৬ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৪৯ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকায় ৯৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস থেকে।আইসিসিবি বলেছে, অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন ইউনিটকে গ্যাস থেকে ডিজেলে রূপান্তরিত করতে বাধ্য হয়েছে। এ জন্য বাড়তি বিনিয়োগের প্রয়োজন পড়েছে। তাই কোনোরকম কালক্ষেপণ না করে এ ক্ষেত্রে বাস্তবসম্মত কার্যক্রম হাতে নিতে হবে, যাতে দেশের প্রবৃদ্ধির চালিকাশক্তিগুলো পর্যাপ্ত গ্যাস পায়।