>

আগামী বৃহস্পতিবার ঘোষিত হতে যাচ্ছে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট। ব্যবসায়ীরা চান বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করার সুনির্দিষ্ট ঘোষণা থাকবে তােত। বাজেট সামনে রেখে নানা বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের বর্তমান সভাপতি এ কে আজাদ। সাক্ষাৎকারটি নিয়েছেন সুজয় মহাজন
প্রথম আলো: একজন ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে আগামী বাজেটকে ঘিরে আপনার প্রত্যাশা কী?
এ কে আজাদ: একজন ব্যবসায়ী হিসেবে বাজেটকে ঘিরে আমার প্রথম প্রত্যাশা বিনিয়োগের একটি অনুকূল পরিবেশ। যেখানে অবকাঠামো, বিদ্যুৎ-জ্বালানি থেকে শুরু করে রাজনৈতিক কোনো অনিশ্চয়তা বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে না। ব্যবসায়ী হিসেবে সরকার আমাদের সে রকম একটি পরিবেশের নিশ্চয়তা দিলে বিনিয়োগ বাড়ানো ও তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের।
প্রথম আলো: কিন্তু আমরা তো দেখতে পারছি দীর্ঘদিন ধরে দেশে ব্যক্তি খাতের কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। তাহলে কি বিনিয়োগের অনুকূল পরিবেশ নেই এখন দেশে?
এ কে আজাদ: ব্যক্তি খাতের কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না, এটা ঠিক। তবে বিনিয়োগের অনুকূল পরিবেশ নেই বিষয়টি তা নয়। অবকাঠামোসহ বিনিয়োগের জন্য জরুরি কিছু সুযোগ-সুবিধার অভাব রয়ে গেছে, যা বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে।
প্রথম আলো: এ মুহূর্তে দেশে ব্যক্তি খাতের বিনিয়োগের প্রধান প্রতিবন্ধকতা কী কী?
এ কে আজাদ: বিনিয়োগের ক্ষেত্রে প্রধান সমস্যা অবকাঠামো। এরপর রয়েছে শিল্পের জন্য উপযুক্ত জায়গায় প্রয়োজনীয় জমির অভাব। আগে ব্যবসায়ীরা নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় জমি কিনে শিল্প স্থাপন করতেন। কিন্তু এখন সেটিও হচ্ছে না। কারণ, গ্যাস-সংযোগ বন্ধ রয়েছে, বিদ্যুৎ-সংযোগও যথাযথভাবে পাওয়া যাচ্ছে না। যেসব শিল্প এলাকায় বিদ্যুৎ রয়েছে, সেখানে এখনো দিনে তিন-চার ঘণ্টার লোডশেডিং হচ্ছে। নিঃসন্দেহে দেশের বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সরকারের হিসাবে, প্রায় সাড়ে আট হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু উৎপাদিত বিদ্যুতের পুরোটা জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না। কারণ, সঞ্চালন ব্যবস্থায় দুর্বলতা রয়েছে। সঞ্চালন লাইনের এ দুর্বলতা দূর করতে আমার ধারণা দুই বছর সময় লাগবে। গ্যাসের স্বল্পতার কথা আমরা জানি। তাই সরকারের দিক থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল স্থাপনের কাজ শুরু হয়েছে। আমার ধারণা, এটি শেষ হতে আরও কমপক্ষে দুই বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে সরকার নতুন কোনো গ্যাস-সংযোগ দিতে পারবে না। এসব সমস্যার সমাধান হয়ে গেলে, বিনিয়োগে গতি আসবে।
প্রথম আলো: আপনি বলছেন, দেশীয় বিনিয়োগকারীরা অবকাঠামোর পাশাপাশি শিল্পের জমিসংকটে ভুগছেন। তাহলে সেখানে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কতটুকু? আমরা তো বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথাও বলছি।
এ কে আজাদ: দেখুন, দেশীয় বিনিয়োগকারীরা যখন বিনিয়োগে এগিয়ে আসে, তখন সেটি দেখে বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী হয়। তাই বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে আগে দেশি বিনিয়োগ বাড়াতে হবে। শিল্পের জন্য জমির সংকট এখন একটি বড় সমস্যা। তবে আশার কথা হচ্ছে সরকার সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। আমার ধারণা, সেগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন হলে এবং সেখানে শিল্পের প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা গেলে তাতে জমির সংকট কেটে যাবে। দেশি-বিদেশি বিনিয়োগে গতিসঞ্চার হবে। তবে সেটি কিছুটা

সময়সাপেক্ষ ব্যাপার।
প্রথম আলো: আগামী অর্থবছর থেকে নতুন মূসক আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা সমস্যার কথা বলছেন। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই।
এ কে আজাদ: নতুন মূসক আইনে বেশ কিছু ভালো দিক আছে। তবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা তাঁদের কিছু সমস্যার কথা বলছেন। এ কারণে তাঁরা প্যাকেজ ভ্যাট বা মূসক ব্যবস্থাটি আরও কিছুদিন অব্যাহত রাখার দাবি জানাচ্ছেন। আমিও মনে করি, ছোট ছোট ব্যবসায়ীদের স্বার্থে প্যাকেজ ভ্যাট ব্যবস্থাটি আরও কিছুদিন বহাল রাখা হোক।
প্রথম আলো: বিনিয়োগের জন্য অবকাঠামোসহ গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে আপনি সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানিয়ে আসছেন। সে বিষয়ে কোনো অগ্রগতি দেখছেন কি?
এ কে আজাদ: এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এলএনজির বিষয়ে একধরনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। সরকার বলছে, এক বছরের মধ্যে এলএনজির মাধ্যমে নতুন গ্যাস সরবরাহ করা হবে। তবে আমার ধারণা, এক বছরের মধ্যে সেটি সম্ভব হবে না। বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে সরকার দুই বছর সময়ের কথা বলছে। আমি মনে করি, সরকারের দিক থেকে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হলে তাতে যারা বিনিয়োগে আগ্রহী, তাদের বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ সহজ হয়।
প্রথম আলো: প্রতিবছর বাজেট এলে ব্যবসায়ীদের দিক থেকে বিভিন্ন খাতে কালোটাকা সাদা করার দাবি তোলা হয়। আপনি এ ধরনের দাবিকে সমর্থন করেন কি?
এ কে আজাদ: কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ছাড়া অবাধে এ ধরনের সুযোগ দেওয়ার পক্ষপাতী আমি নই। এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হন। উৎপাদনশীল খাতে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া যেতে পারে। তবে সেটি করতে হবে জরিমানাসহ প্রযোজ্য কর আদায় নিশ্চিত করে।
প্রথম আলো: এর বাইরে আগামী বাজেটকে ঘিরে আর কী প্রত্যাশা আপনার?
এ কে আজাদ: আমি চাই বাজেট হবে কর্মসংস্থানবান্ধব। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, টেকসই প্রবৃদ্ধি অর্জন, সম্পদের সুষম বণ্টন, কাঙ্ক্ষিত উন্নয়নসহ সামাজিক সুরক্ষার যথাযথ নিশ্চয়তা থাকতে হবে বাজেটে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ছাড়া অভ্যন্তরীণ উৎস থেকে কর আদায় বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি। কর্মসংস্থান, বিনিয়োগ ও রাজস্ব আদায় বাড়ানোই আগামী বাজেটে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।