গ্যাস-বিদ্যুৎ থেকে মূসক তুলতে পারলে ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে জাতীয় রাজস্ব ​বোর্ডে (এনবিআর) গতকাল পেশাজীবীদের সঙ্গে এক প্রাক্‌–বাজেট আলোচনায় বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এ সময় তাঁর পাশে ছিলেন (বাঁয়ে) অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ l ছবি: প্রথম আলো
রাজধানীতে জাতীয় রাজস্ব ​বোর্ডে (এনবিআর) গতকাল পেশাজীবীদের সঙ্গে এক প্রাক্‌–বাজেট আলোচনায় বক্তব্য দেন সংস্থাটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এ সময় তাঁর পাশে ছিলেন (বাঁয়ে) অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ l ছবি: প্রথম আলো

গ্যাস ও বিদ্যুতের বিলের ওপর মূল্য সংযোজন কর (মূসক) থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘গ্যাস-বিদ্যুতের মতো সর্বজনীন উপকরণের ওপর যৌক্তিকভাবে মূসক থাকা উচিত না। গ্যাস-বিদ্যুতের ওপর থেকে মূসক তুলে দিতে পারলে খুব ভালো হয়। তুলে দিতে না পারলে যত কম রাখা যায় তত ভালো।’
রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়ে আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনায় গতকাল মঙ্গলবার এসব কথা বলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
আগামী ১ জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়ন শুরু হবে। তখন আইন অনুযায়ী, পণ্য ও সেবার ক্ষেত্রে অভিন্ন ১৫ শতাংশ মূসক প্রযোজ্য হবে। বিষয়টি উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় উপাদান গ্যাস-বিদ্যুতের ওপর বর্তমানে ৫ শতাংশ মূসক আছে। একবারে সেটি ১৫ শতাংশে নিয়ে গেলে ভোক্তা ও উৎপাদক পর্যায়ে বিরূপ প্রতিক্রিয়া হবে। গ্যাস ও বিদ্যুতের দাম এমনিতে বাড়ছে।’ গ্যাস-বিদ্যুতের ওপর মূসকের হার বর্তমানের মতো থাকবে, বাড়বে নাকি পর্যায়ক্রমে বাড়বে—তা পরিষ্কার করতে এনবিআরকে তাগিদ দেন সিপিডির এই গবেষক।
অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মূসক আইন যত সুন্দর হোক না কেন, যথাযথভাবে বাস্তবায়িত না হলে কোনো লাভ নেই। তিনি বলেন, মূসকের আদায়ে প্রধান সমস্যা নিবন্ধন। নিবন্ধনের পরের প্রশ্ন, কীভাবে মূসক আদায় হবে। কিন্তু দেশের কত ব্যবসায়ী প্রতিষ্ঠান মূসক দেওয়ার যোগ্য, তার কোনো হিসাব নেই। আয়করের বেলায়ও একই কথা প্রযোজ্য।

প্রাক্‌–বাজেট ২০১৭–১৮
প্রাক্‌–বাজেট ২০১৭–১৮

মূসকের ব্যাপারে এনবিআরকে দুটি বিষয় নিয়ে কাজ করতে পরামর্শ দেন প্রবীণ এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ব্যবসায়ীরা যেন মধ্যবর্তী উপকরণের জন্য দেওয়া মূসক ফেরত নিতে পারেন, সে বিষয়ে তাঁদের দক্ষ করতে হবে। এ ছাড়া ভবিষ্যতে শুধু চূড়ান্ত পণ্যে মূসক আদায়ের দিকে যাওয়ার জন্য কর প্রশাসনকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ নিয়ে কথা বলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বৈধ-অবৈধ আয় এনবিআরের আওতার বিষয় নয়। বৈধ-অবৈধ অর্থ নির্ধারণ করবে দুদক ও অন্যান্য সংস্থা। কর কর্তৃপক্ষের দেখার বিষয়, আয় প্রদর্শিত নাকি অপ্রদর্শিত। ফ্ল্যাট বা বাড়ি কিনতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করলে তাকে কালোটাকা না বলে দেরিতে প্রদর্শিত আয় বলা যায়। তবে কর রেয়াত দিয়ে অপ্রদর্শিত অর্থ প্রদর্শিত করার সুযোগ দিলে ঠিক সময়ে যাঁরা কর দিয়েছেন, তাঁদের প্রতি অবিচার করা হবে। এ ছাড়া তিনি ফ্ল্যাট বা জমি কিনতে মূসক আরোপের বদলে অগ্রিম আয়কর (এআইটি) বসানোর পক্ষে মত দেন।
কর দেওয়াকে সামাজিক অভ্যাসে পরিণত করার ওপর জোর দেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা কর ফাঁকি। সচেতনতার অভাব ও ব্যক্তিস্বার্থের কারণে কর ফাঁকি দিচ্ছেন কেউ কেউ। তবে বড় কারণ হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি। আমরা কর দেওয়াটাকে যদি অস্বাভাবিক, আর কর না দেওয়াটাকে স্বাভাবিক মনে করি; সে জন্য কর না দেওয়ায় কোনো অপরাধবোধ হয় না। তাই প্রচার-প্রচারণা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে কর দেওয়াকে সামাজিক অভ্যাসে পরিণত করতে হবে।’
বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারকুপারস (পিডব্লিউসি) বাংলাদেশের একটি প্রতিনিধিদল আগামী বাজেট নিয়ে নিজেদের মতামত তুলে ধরে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পিডব্লিউসি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশীদ। তিনি বলেন, মূসক আইন বাস্তবায়নে এনবিআর কতটা সিরিয়াস, সেটি নিয়ে মানুষের মনে সন্দেহ আছে।
এ বিষয়ে নজিবুর রহমান বলেন, ‘মূসক আইন জুলাই থেকে বাস্তবায়িত হবে। এটি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।’