গ্যাস-বিদ্যুৎসংকট নিরসনের আর্তি শিল্পোদ্যোক্তাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা চলমান গ্যাস ও বিদ্যুৎসংকট নিরসন করার জন্য সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। তাঁরা বলেছেন, এভাবে গ্যাস-বিদ্যুতের সংকট চলতে থাকলে দেশের শিল্পোত্পাদন কমে যাবে, রপ্তানি আয়ে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। গতকাল মঙ্গলবার ব্যবসায়ী-শিল্পপতিদের একাধিক সংগঠন পৃথকভাবে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে ও সংবাদপত্রে বিবৃতি দিয়ে এই উদ্বেগ প্রকাশ করেছে।এমসিসিআই: মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতারা দেখা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে। সেখানে চেম্বারের পক্ষ থেকে বলা হয়, অর্থনীতিতে বেশ কিছু ক্ষেত্রে অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতা রয়ে গেছে। বিশেষত বিনিয়োগের ক্ষেত্রে, যা হয়েছে মূলত গ্যাস ও বিদ্যুৎস্বল্পতার কারণে। অর্থমন্ত্রীর কাছে ২০১০-১১ অর্থবছরের জন্য এমসিসিআইয়ের পক্ষ থেকে যে লিখিত বাজেট প্রস্তাব পেশ করা হয়, তাতে বলা হয়, ‘বিদ্যুত্ খাতের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ থাকা বাঞ্ছনীয়। কারণ, এ খাতের উন্নয়ন সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একান্ত অপরিহার্য। দেশের শিল্প খাতের বিকাশের প্রধান অন্তরায় বিদ্যুত্ সমস্যা।’এমসিসিআই মনে করে, সব ধরনের উন্নয়ন প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুত্ খাতের বর্তমান দুরবস্থার কারণে। নিরবচ্ছিন্ন বিদ্যুত্ পাওয়া গেলে রপ্তানি খাতের প্রতিযোগিতাশীলতা ফিরে আসবে বলেও মন্তব্য করেছে সংগঠনটি।মেট্রো চেম্বার বিদ্যুৎসংকট নিরসনে স্বল্পমেয়াদি পদক্ষেপ হিসেবে জ্বালানিসাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এবং ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানির প্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করার সুপারিশ করেছে।দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে বিদ্যুত্ উত্পাদনে বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের কর ছাড় দেওয়ার কথা বলেছে এমসিসিআই। পাশাপাশি কয়লা ও আণবিক বিদ্যুত্ উত্পাদনের সম্ভাব্যতা দ্রুত যাচাই করার আহ্বান জানানো হয়েছে। বিজিএমইএ: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা গতকাল প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুত্ প্রতিমন্ত্রী মো. এনামুল হকের সঙ্গে সাক্ষাত্ করেন।সাক্ষাত্কালে তাঁরা তৈরি পোশাকশিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহ নিশ্চিত না হলে বিদ্যুতের বর্ধিত মূল্য স্থগিত রাখার দাবি জানান।পরে সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, ‘তৈরি পোশাক খাতকে রক্ষা করতে হলে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুত্ সরবরাহের কোনো বিকল্প নেই।’বিজিএমইএর সভাপতি আরও বলেন, প্রতিযোগী দেশগুলো যে ভালো করছে তার কারণ হলো তাদের সরকার শক্তিশালী অবকাঠামো গড়ে দিয়েছে, বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। সালাম মুর্শেদী বলেন, ‘আমরা দিনকে দিন পিছিয়ে পড়ছি। সরকারকে এখন গ্যাস ও বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা রপ্তানিতে ইতিবাচক ধারায় ফিরে যেতে পারব না।’ইপিবির পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩১৫ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে সাত শতাংশ এবং এবারের লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ শতাংশ কম।বিকেএমইএ: গ্যাস ও বিদ্যুত্ সংকট নিরসনে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে।বিকেএমইএর সভাপতি ফজলুল হক গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, ‘সম্প্রতিককালে গ্যাসের তীব্র সংকট এবং এর সরবরাহের অপ্রতুলতার কারণে বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি খাত নিটশিল্প এক ভয়াবহ সময় অতিক্রম করছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের বেশকিছু অঞ্চলে গ্যাস সংকটের তীব্রতার কারণে অনেক রপ্তানিমুখী প্রতিষ্ঠানের স্বাভাবিক উত্পাদন কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’ফজলুল হক আরও বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ অপর্যাপ্ত ও অনিয়মিত হওয়ায় দৈনিক উত্পাদন লক্ষ্যমাত্রার ৫০ শতাংশও অর্জিত হচ্ছে না। অনেক জায়গায় কারখানাগুলো কার্যত বন্ধ থাকছে। ফলে পণ্যের গুণগত মান বিনষ্ট হচ্ছে। একই সঙ্গে সময়মতো রপ্তানি করতে ব্যর্থ হওয়ার কারণে রপ্তানি আদেশও বাতিল হচ্ছে।বিবৃতিতে আরও বলা হয়, অন্যদিকে চট্টগ্রামে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোয় নতুন করে গ্যাস সরবরাহ না দেওয়ার সিদ্ধান্তে সব বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি ২০০৯-১০ অর্থবছরের প্রথম সাত মাসে নিট পোশাক রপ্তানি কমেছে প্রায় সাত শতাংশ। বিকেএমইএ আশঙ্কা করছে, গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলা করা না গেলে চলতি অর্থবছর শেষ পর্যন্ত রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এ বছর নিট পোশাক রপ্তানি থেকে প্রায় ৭৩০ কোটি ডলার আয় হওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। অথচ অর্থবছরের সাত মাসে রপ্তানি হয়েছে ৩৫৪ কোটি ৩০ লাখ ডলারের পণ্য।বিকেএমইএর বিবৃতিতে আরও বলা হয়, গ্রীষ্মকাল আসার আগেই অপর্যাপ্ত বিদ্যুত্ সরবরাহ ও ঘন ঘন লোডশেডিং নিট ও ডায়িং শিল্পমালিকদের অতিষ্ঠ করে তুলছে। দেশে যে বিদ্যুত্ ঘাটতি চলছে তা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে—এমন আশঙ্কাও প্রকাশ করেছে বিকেএমইএ। এ প্রসঙ্গে বিকেএমইএর সভাপতি ফজলুল হক বলেন, সরকার শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুত্ রেশনিং অব্যাহত রেখেছে। আবার লোডশেডিংয়ের কারণে দিনের বেশির ভাগ সময় বিভিন্ন জায়গায় বিদ্যুত্ থাকে না। এ অবস্থায় রেশনিং ব্যবস্থার মাধ্যমে আরও এক দিন বিদ্যুত্ বন্ধ থাকার কারণে কারখানাগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।বিকেএমইএ মনে করে, যত দ্রুত সম্ভব গ্যাস ও বিদ্যুত্ বিতরণ ব্যবস্থাপনার মানের উন্নতি ঘটাতে না পারলে, বিশ্বমন্দা থেকে উত্তরণে বাংলাদেশের রপ্তানি খাতগুলোর প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হবে।বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, গ্যাস ও বিদ্যুত্ সংকট নিয়ে বিগত বেশ কিছু দিন ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হলেও সংকট উত্তরণে কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি।