বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বারের সাক্ষাৎ
গ্যাস-সংকট নিরসনে দ্রুত স্বল্পমেয়াদি পরিকল্পনা দাবি
দেশের শিল্প-কারখানায় চলমান গ্যাস-সংকট নিরসনে শিগগিরই স্বল্পমেয়াদি পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে গতকাল বৃহস্পতিবার তাঁর মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে এই দাবি জানায় ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদ। ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রতিনিধিদলের নেতা ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সব সময় বিএসটিআইয়ের সনদ গ্রহণযোগ্য হয় না। এতে পণ্য নিয়ে ঝামেলায় পড়তে হয়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাছাড়া টিটির আওতায় আমদানি-রপ্তানিনীতিতে উল্লেখ করা পুনঃ রপ্তানি পদ্ধতি সহজীকরণ করতে হবে।বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া, একটি রাসায়নিক পল্লি (কেমিক্যাল ভিলেজ) স্থাপন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও দ্রুত কয়লানীতি চূড়ান্ত করা, ইপিবির উদ্যোগে চাহিদাভিত্তিক ট্রেড মিশন প্রেরণ এবং ব্র্যান্ডিং ও আইটি খাতে কার্যকর উদ্যোগ নেওয়ারও প্রস্তাব করেন তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, বিভিন্ন বিষয়ে বাণিজ্যিক ছাড়পত্র দিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়। ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে এই দীর্ঘসূত্রতা কমাতে হবে। তিনি বলেন, সরকার বেসরকারি উদ্যোক্তাদের সব রকম সহযোগিতা দিচ্ছে।বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি বছর রমজান মাসের কথা বিবেচনায় রেখে বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। টিসিবিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করা হচ্ছে বলেও জানান তিনি।বৈঠকে অন্যান্যের মধ্যে ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হায়দার আহমদ খান, পরিচালক এম বশির উল্লাহ ভূঁইয়া, টি আই এম নূরুল কবীর, ওয়াকার আহমেদ চৌধুরী, খায়রুল মজিদ মাহমুদ, আবুল হোসেন প্রমুখ আলোচনা করেন।