গ্যাস-সংকটে ব্যাহত হচ্ছে সিরামিক পণ্যের উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানায় গ্যাস সরবরাহে চাপ কম থাকায় জানুয়ারি মাসে মুন্নু বোন চীনা লিমিটেডের সিরামিক পণ্যের উৎপাদন কম হয়েছে ৪৭ হাজার ৫০ পিস। টাকার অঙ্কে প্রতিষ্ঠানটির ক্ষতি হয়েছে ৭০ লাখ ৫৭ হাজার টাকা।বাংলাদেশ সিরামিকওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, বাজারে যত সিরামিক টেবিলসামগ্রী (কাপ-প্লেট, গ্লাস, ডিনার সেট) বিক্রি হয়, তার প্রায় ২২ শতাংশ মুন্নু সিরামিকের কারখানায় উৎপাদিত। অবশ্য টেবিলসামগ্রীর সবচেয়ে বড় বাজার শাইনপুকুর সিরামিকস লিমিটেডের দখলে।শুধু মুন্নু সিরামিকই নয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার-মানিকগঞ্জ জোনে অবস্থিত সিরামিক খাতের সব কটি কারখানার একই অবস্থা। এই এলাকায় এমন কারখানা আছে পাঁচটি। সব কটিরই উৎপাদন ব্যাহত হচ্ছে।তবে তিতাসের গাজীপুর জোনে যেসব সিরামিক কারখানা রয়েছে, সেখানে গ্যাসের চাপ ভালো। তাই উৎপাদনে তেমন সমস্যা হচ্ছে না। এ-খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বছর খানেক ধরে এ এলাকার শিল্পকারখানাগুলোতে গ্যাসের চাপ কম। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা ও চিঠি চালাচালি হলেও সমস্যার সুরাহা হয়নি। জানা যায়, সিরামিক পণ্য উৎপাদনকারী কারখানাগুলোতে জ্বালানি হিসেবে ২৪ ঘণ্টাই গ্যাস ব্যবহূত হয়। এ জন্য পর্যাপ্ত গ্যাসের সরবরাহও থাকতে হয়। গ্যাসের অভাবে একদিকে উৎপাদন যেমন ব্যাহত হয়, অন্যদিকে চুল্লির ভেতর থাকা কাঁচামালগুলোও নষ্ট হয়ে যায়।মুন্নু সিরামিকস ৩ ফেব্রুয়ারি তিতাসের সাভার জোনের ব্যবস্থাপককে একটি চিঠি দেয়। তাতে বলা হয়, মুন্নুর কারখানার গ্যাসের চাপ (আউটলেট গ্যাস প্রেশার) ১২ পিএসআই পর্যন্ত কর্তৃপক্ষের অনুমোদন আছে। তবে বর্তমানে গ্যাসের চাপ তিন-চার পিএসআইতে নেমে এসেছে। এতে উৎপাদন-কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। এতে রপ্তানির কার্যাদেশ পাওয়া পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণ করা সম্ভব হচ্ছে না। মুন্নু সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খানের সই করা ওই চিঠিতে বলা হয়, সপ্তাহের ছয় দিনই বিস্কুট চুল্লি (কিলন), গ্লোস্ট চুল্লি বন্ধ রাখা হয়। এতে গ্যাসের চাপ কিছুটা বাড়লে অন্য কিলনগুলোয় সব ধরনের যন্ত্রপাতি চালানো সম্ভব হয়।এর আগে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে গত বছরের অক্টোবরে একটি চিঠি দিয়েছিল বাংলাদেশ সিরামিকওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তাতে বলা হয়, সিরামিকপণ্য উৎপাদনকারী কারখানাগুলোতে ২৪ ঘণ্টাই গ্যাস সরবরাহ থাকতে হয়। কিন্তু দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যাসের চাপ খুবই কম থাকে। আর বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গ্যাসের কোনো চাপই থাকে না। ফলে ওই আট ঘণ্টা কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। ওই আট ঘণ্টা চুল্লির ভেতরে যে তাপমাত্রা কমে যায়, তা আবার নির্দিষ্ট মাত্রায় এনে উৎপাদন শুরু করতে ১০ ঘণ্টা লেগে যায়। তার মানে, সিরামিকপণ্য উৎপাদনকারী কারখানাগুলোতে মাত্র ছয় ঘণ্টা ভালোভাবে উৎপাদন হয়।ঢাকা সাংহাই সিরামিকস লিমিটেড তৈরি করে টাইলস। সাভারের জিরানী বাজারে প্রতিষ্ঠানটির কারখানা। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) দীনেশ পত্নীক প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের চাপ কম হওয়ার কারণে উৎপাদন ৬০ থেকে ৭০ শতাংশ কমে গেছে। এতে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।’প্রতীক সিরামিকসের কারখানা ব্যবস্থাপক ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেন, গ্যাস-সংকটে কারখানার তিনটি চুল্লি প্রতিদিন তিন-চার ঘণ্টা করে বন্ধ রাখতে হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ চুল্লিটি সাড়ে তিন পিএসআইতে নেমে এলেই বন্ধ হয়ে যায়।