গ্যাস-সংকটে শিল্পোৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-বিদ্যুতের বেহাল অবস্থায় দেশের শিল্প-ব্যবসা-বাণিজ্য চরম ব্যাহত হচ্ছে। নিয়মিত বিদ্যুত্ না পাওয়ায় বড় প্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুত্ উত্পাদন, অর্থাত্ ক্যাপটিভ বা স্ট্যান্ডবাই জেনারেটরের সাহায্যে শিল্পকারখানায় উৎপাদন চালিয়ে যাচ্ছিল।কিন্তু এখন অনেক এলাকাতেই গ্যাসের চাপ কম থাকায় সেই বিদ্যুত্ও উৎপাদন করা যাচ্ছে না। ফলে কর্মঘণ্টার অনেকটা সময়ই উৎপাদন বন্ধ করে বসে থাকতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে জরুরি উৎপাদন চালিয়ে নিতে ডিজেল জেনারেটর ব্যবহার করা হচ্ছে। এতে খরচ বেড়ে গিয়ে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য প্রতিযোগিতার সক্ষমতাও কমে যাচ্ছে।প্রায় এক দশক ধরে জ্বালানি শক্তির এই সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। এতে দেশে সাম্প্রতিক সময়ে শিল্পবিনিয়োগও থমকে গেছে। ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে নতুন বিনিয়োগ তো হবেই না, বর্তমান উৎপাদনও ধরে রাখা যাবে না। আর সেটা হলে রপ্তানি বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা বা প্রবৃদ্ধি কোনোটাই অর্জন করা যাবে না। তার ওপর নতুন কর্মসংস্থান সৃষ্টি না হয়ে বরং বর্তমান বহু কর্মসংস্থান হাতছাড়া হতে পারে।জানা গেছে, সাম্প্রতিক গ্যাস-সংকট ঢাকার নিকটবর্তী গাজীপুরেই সবচেয়ে বেশি। উল্লেখ্য, গাজীপুরকেন্দ্রিক বহু ভারী ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ ছাড়া রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের উপকণ্ঠ শ্যামপুর, পাগলা, ফতুল্লা, জিঞ্জিরা এলাকায় অনেক ভারী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প কেন্দ্রীভূত হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে নরসিংদী, আর গাজীপুর হয়ে সাভার-মানিকগঞ্জ পর্যন্ত অনেক বড় বড় শিল্পকারখানা স্থাপিত হয়েছে।প্রায় সব এলাকাতেই এখন গ্যাস-বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকা বিশেষে গ্যাসের চাপ কম থাকায় ছয়-সাত ঘণ্টা থেকে শুরু করে ১২ ঘণ্টা পর্যন্ত শিল্পোৎপাদন বন্ধ থাকছে।পরিস্থিতি বিশ্লেষণে পেট্রোবাংলা ১১ জানুয়ারি ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে বসার আহ্বান করে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে অনেক ব্যবসায়ী নেতা প্রতিনিধিদলে থাকায় শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল হয়।নিট রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের সংরক্ষিত তথ্যে জানা যায়, ডিজেল দিয়ে কারখানার কাজ চালিয়ে নিতে খরচ বেড়েছে কয়েকগুণ। গ্যাস-বিদ্যুতের অভাবে শুধু ডিজেল দিয়ে জেনারেটর চালিয়ে উৎপাদন অব্যাহত রাখতে প্রতি মাসে দুই লাখ ৬০ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ-সংকটের কারণে ডিজেলচালিত জেনারেটর দিয়ে শুধু জরুরি রপ্তানির কাজগুলো সেরে নেওয়া হচ্ছে। বাকি কাজের জন্য শ্রমিকদের অতিরিক্ত সময় (ওভার টাইম) কাজ করাতে হচ্ছে। এতেও প্রতিদিন অতিরিক্ত ব্যয় হচ্ছে ৪০ হাজার টাকা। এই কারখানার সীমানায় একটি গ্যাস জেনারেটর ও বয়লার রাখা আছে। গ্যাসের চাপ না থাকায় সেটিও সংযোগ দেওয়া যাচ্ছে না।গাজীপুরের কোনাবাড়ীর জরিল এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের মহাব্যবস্থাপক নূর-ই-আলম প্রথম আলোকে জানান, রাত ১১টার পর গ্যাসের চাপ বেড়ে সাত-আট পিএসআইতে (পাউন্ড পার স্কয়ার ইঞ্চি) উন্নীত হয়। আর সকাল আটটার পরে তা একেবারেই নেমে যায়। এ সময় কোনো কারখানায় কাজ চালানো যায় না।তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, গ্যাস-সংকট বেশ কয়েক বছর ধরেই চলছে। তবে এবারের মতো অবস্থা আর কখনো হয়নি। গ্যাসের তীব্র সংকট নিয়ে এরই মধ্যে নিট পোশাক মালিক সমিতি বিকেএমইএ সংবাদপত্রে বিজ্ঞপ্তি পাঠিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জানা যায়, নিট শিল্পের পশ্চাত্ সংযোগশিল্প হিসেবে পরিচিত ডায়িং কারখানাগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। নিট খাতের প্রয়োজনীয় কাপড়ের ৯৭ শতাংশ কাজই স্থানীয় ডায়িং কারখানাগুলোতে সম্পন্ন করা হয়। কিন্তু ডায়িং একটি লম্বা ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। একটি ডায়িং প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে নিরবচ্ছিন্নভাবে ১০-১১ ঘণ্টা সময়ের প্রয়োজন। যদি কোনো কারণে ডায়িং প্রক্রিয়ায় বাধা আসে, তবে সেই কাপড়ের গুণগত মান ধরে রাখা সম্ভব হয় না। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হাই সরকার বলেন, ‘ধানের মৌসুমে নতুন করে বিদ্যুত্ গ্রামে নিয়ে গেলে শিল্পপ্রতিষ্ঠান সব বন্ধ করে দিতে হবে।’ তিনি আরও বলেন, ডিজেল দিয়ে শ্যালো মেশিন চালিয়ে বোরোর খেতে পানি দেওয়া সম্ভব। সরকার ইচ্ছা করলে কৃষকের জন্য প্রয়োজনীয় ডিজেলের সংস্থান করতে পারে।