গ্যাস-সংকটে সার উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংকটে রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। ছয় কারখানার চারটিরই উৎপাদন এখন বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন চার হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সারের উৎপাদন-ঘাটতি হচ্ছে।বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশন (বিসিআইসি) সূত্র জানায়, নিরবচ্ছিন্ন উৎপাদনকাজ চালাতে ছয়টি সার কারখানায় প্রতিদিন প্রয়োজন ২১৪ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট) গ্যাস। কিন্তু পাওয়া যাচ্ছে ৬৮ এমএমসিএফ।সে কারণেই চার মাস ধরে আশুগঞ্জ সার ও রাসায়নিক কোম্পানি (এএফসিসিএল), চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (কাফকো), ইউরিয়া সার কারখানা (ইউএফএফএল) এবং পলাশ ইউরিয়া সার কারখানার (পিইউএফএল) উৎপাদন বন্ধ রয়েছে।এতে প্রতিদিন কাফকোতে দেড় হাজার, আশুগঞ্জ কারখানায় এক হাজার ৪০০, ইউরিয়া কারখানায় এক হাজার এবং পলাশ কারখানায় ৩০০ টন সারের উৎপাদন ঘাটতি হচ্ছে।এদিকে চারটি কারখানা বন্ধ থাকলেও সরকার চলতি ২০১২-১৩ অর্থবছরে দেশীয় কারখানাগুলো থেকে ১০ লাখ টন সার সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। আর সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ টন।তবে কারখানা বন্ধ থাকলেও সার নিয়ে কৃষককে দুর্ভোগ পোহাতে হচ্ছে না বলে মন্তব্য করে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘বর্তমান সরকার ভালোভাবে সার ব্যবস্থাপনা করায় কৃষককে এখন আর সারের পেছনে ছুটতে হয় না। ভবিষ্যতেও হবে না।’শিল্পমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতকে গুরুত্ব দেওয়ায় অনেক সময় ফসল উৎপাদনের পিক সিজনের পর বিদ্যুৎ উৎপাদনে বেশি গ্যাস সরবরাহ করা হয়। তাই অনেক সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।বন্ধ কারখানা, উৎপাদনও বন্ধ: বিসিআইসি সূত্র জানায়, পূর্ণোদ্যমে কাফকো চালাতে প্রতিদিন ৫২ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন। কিন্তু গত ৩১ মার্চ থেকে কারখানাটি বন্ধ রয়েছে। চলতি অর্থবছরে এই কারখানা থেকে সাড়ে চার লাখ টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।ইউরিয়া কারখানা থেকে তিন লাখ টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। তবে ২২ মার্চ থেকে কারখানাটি বন্ধ। এটি চালাতে প্রতিদিন ৪৩ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন।পলাশ কারখানার উৎপাদন বন্ধ ২৭ মার্চ থেকে। এটি চালাতে প্রতিদিন গ্যাস লাগে ১৪ এমএমসিএফ। এ কারখানা থেকে ৯০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।আশুগঞ্জ কারখানা চালাতে প্রতিদিন গ্যাস লাগে ৫২ এমএমসিএফ। কিন্তু ৯ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ। এর উৎপাদন লক্ষ্যমাত্রা তিন লাখ ৩৫ হাজার টন।যে দুটি কারখানায় সার উৎপাদিত হচ্ছে সেগুলো হলো—যমুনা কারখানা ও ন্যাচারাল গ্যাস কারখানা। বিসিআইসি বলছে, গ্যাসের চাপ ওঠা-নামার কারণে কারখানা দুটি পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারছে না।বিসিআইসি সূত্র জানায়, গত অর্থবছরে গ্যাসস্বল্পতায় কাফকো ২৭৩ দিন, আশুগঞ্জ কারখানা ১১৩ দিন, ইউরিয়া কারখানা ১০১ দিন, পলাশ কারখানা ৯৬ দিন ও যমুনা কারখানা ৭৩ দিন বন্ধ ছিল।সে কারণে গত অর্থবছরে কাফকোতে তিন লাখ দুই হাজার ৬০৫, যমুনা কারখানায় এক লাখ ৬৩ হাজার ১২৩, আশুগঞ্জ কারখানায় এক লাখ পাঁচ হাজার ১২০, ইউরিয়া কারখানায় এক লাখ ৮৩ হাজার ৮৯২ এবং পলাশ কারখানায় ১৪ হাজার ৮০৯—সব মিলিয়ে সাত লাখ ৬৯ হাজার ৫৯৪ টন সার কম উৎপাদিত হয়েছে।আমদানি করে ঘাটতি মেটানোর পরিকল্পনা: বিসিআইসির সার সরবরাহ পরিকল্পনায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদনের মিনি পিক সিজনে আশুগঞ্জ, কাফকো, ইউরিয়া ও পলাশ কারখানার কোনো উৎপাদন হবে না ধরা হয়েছে। অথচ এসব কারখানা থেকে যেসব অঞ্চলে সার সরবরাহ করা হয়, সেখানে ওই সময়ে সারের চাহিদা দুই লাখ ৭১ হাজার টন।একইভাবে জুলাই থেকে আগামী মার্চ পর্যন্ত (পিক সিজনসহ) ছয় কারখানায় মজুদ ও সম্ভাব্য উৎপাদনসহ সারের প্রাপ্যতা ঠিক করা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার টন। এই সময়ে চাহিদা ২১ লাখ ৯০ হাজার টন। অর্থাৎ আট লাখ ৪৬ হাজার টন সারের ঘাটতি থাকবে। আমদানি করা সার দিয়ে এসব ঘাটতি মেটানোর পরিকল্পনা করেছে বিসিআইসি।তবে সারের উৎপাদন বাড়াতে ঈদুল ফিতরের পর গ্যাস সরবরাহের মাধ্যমে কাফকো ও আশুগঞ্জ সার কারখানা চালু করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, সার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে পর্যায়ক্রমে সবগুলো কারখানা চালু করা হবে।সারের চাহিদা নির্ধারণ: চলতি অর্থবছরে সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ টন। চাহিদার ১০ লাখ টন আসবে দেশীয় কারখানায় উৎপাদিত সার থেকে। কাফকোর কাছ থেকে সংগ্রহ করা হবে চার লাখ টন। রাষ্ট্রীয় পর্যায়ে ছয় লাখ ৮০ হাজার এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে তিন লাখ টন সার সংগ্রহ করা হবে। এ ছাড়া চলতি অর্থবছরে সরকারের কাছে মজুদ সার রয়েছে পাঁচ লাখ ৮০ হাজার টন। শিল্প মন্ত্রণালয়ের আশা, এই অর্থবছর শেষে চার লাখ ৬০ হাজার টন সার উদ্বৃত্ত থাকবে।একটি সূত্র জানায়, ২৯ জুলাই পর্যন্ত বিসিআইসির হাতে মজুদ সারের পরিমাণ পাঁচ লাখ ২১ হাজার টন। ২০১১-১২ অর্থবছরে সারের চাহিদা ছিল ৩০ লাখ টন। এবার চাহিদা পাঁচ লাখ টন কমানোর বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, ইউরিয়া ছাড়া অন্য সারের প্রতি কৃষকের আগ্রহ বাড়ায় সারের চাহিদা কমানো হয়েছে।