গ্যাস সরবরাহ বাড়লে মানিকগঞ্জে শিল্পের প্রসার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কাছের জেলা হওয়ার পরও পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় মানিকগঞ্জে তেমন কোনো শিল্পকারখানা গড়ে ওঠেনি। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হলে এই জেলায় শিল্পপ্রতিষ্ঠানের প্রসার ঘটানো সম্ভব।
মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত পরিচালনা পর্ষদের পরিচিতি এবং বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা এসব কথা বলেছেন। গতকাল শনিবার দুপুরে জেলার ডায়মন্ড কনভেনশন সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চেম্বারের সভাপতি সুদেব সাহার সভাপতিত্বে সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহিদ মালেক বলেন, বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশ ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশে বিপুল মানবসম্পদ রয়েছে। শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে এই মানব সম্পদকে কাজে লাগাতে হবে।
নাঈমুর রহমান বলেন, যুবসমাজকে নেশার দিকে নিয়ে যাচ্ছে বেকারত্ব। মানিকগঞ্জে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন জরুরি।