বিনিয়োগ বোর্ডের সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা
গ্যাসভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনা না নিতে আহ্বান
গ্যাসভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। গতকাল রোববার বিনিয়োগ বোর্ডের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তৌফিক-ই-ইলাহী বলেন, ‘ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ, গ্যাসের পরিবর্তে বিদ্যুৎকে জ্বালানি উপাদান হিসেবে বিবেচনায় নিয়ে শিল্প পরিকল্পনা গ্রহণ করুন। গ্যাসভিত্তিক শিল্প স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসুন।’
রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে গতকাল বিকেলে ‘বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন দিক’ শীর্ষক এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি আনিস এ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের নাম থাকলেও তিনি উপস্থিত হননি।
প্রধান অতিথির বক্তব্যে তৌফিক-ই-ইলাহী আরও বলেন, সরকার দেশের যেসব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে, সেখানে শিল্প স্থাপনের প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করতে কাজ শুরু করা হয়েছে। বিদ্যুতের জন্য যাতে বিনিয়োগ বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বিনিয়োগ বোর্ড যাতে বিনিয়োগকারীদের কিছু সেবার নিশ্চয়তা দিতে পারে, সেই উদ্যোগও নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বড় সমস্যা জমি। কোনো উদ্যোক্তা যদি ব্যক্তিগত উদ্যোগে জমি কিনে শিল্প স্থাপনের পরিকল্পনা নেন, তাহলেও দেখা যাচ্ছে ২৫ বিঘা জমি কিনতেই দুই বছরের বেশি সময় লাগে। কারণ, জমির ক্ষেত্রে নানা ধরনের সমস্যা রয়েছে। তাই বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য সমস্যার চেয়ে জমির সমস্যাটিই প্রকট।
মেয়র আনিসুল হক বলেন, জমি, গ্যাস, বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হলে দেশে বিনিয়োগ অনেক বাড়বে। দেশি বিনিয়োগকারীরা এগিয়ে এলে তাঁদের পাশাপাশি বিদেশি বিনিয়োগও আসবে।
মূল প্রবন্ধে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিশাল সমুদ্র অঞ্চল জয়ের ফলে বাংলাদেশের জন্য সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির বিশাল এক ক্ষেত্র তৈরি হয়েছে। এর ফলে মৎস্য সম্পদ খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে।
মেট্রো চেম্বারের সহসভাপতি আনিস এ খান বলেন, ২০২১ সালের মধ্যে নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কর্মসংস্থান বাড়াতে হবে। এ জন্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই।