প্রায় তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করে চট্টগ্রামের আনোয়ারায় নিজস্ব একটি শিল্পপার্ক গড়ে তুলেছে চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান সাদ মুছা গ্রুপ। ওই পার্কে মোট ২৪টি শিল্পকারখানা গড়ে তোলার কথা।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১১ সালেই শিল্পপার্কটির কাজ শেষ হয়। এরপর তিন বছর অপেক্ষা শেষে ২০১৪ সালে আট মেগাওয়াট বিদ্যুৎ-সংযোগ পায় তারা। কিন্তু নতুন করে গ্যাস-সংযোগ এখনো পাওয়া যায়নি। তাই ২৪টি কারখানার পরিবর্তে মাত্র ৬টি কারখানা চালু করা হয়েছে। বাকি শিল্পগুলো গড়ে উঠলে বিনিয়োগ ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেত।
সাদ মুছা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, নতুন করে গ্যাস-সংযোগের জন্য ৫০ কোটি টাকা নিজস্ব অর্থায়নে ১৫ কিলোমিটার দীর্ঘ গ্যাসলাইন স্থাপন করা হয়েছে। কিন্তু তারপরও নতুন সংযোগ মেলেনি।
তবে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় প্রতিষ্ঠানটির পুরোনো একটি কারখানার গ্যাসলাইন নতুন ওই শিল্পপার্ক এলাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানান মোহাম্মদ মহসিন। তিনি বলেন, পুরোনো স্থানান্তরিত সেই গ্যাস-সংযোগ দিয়েই কোনো রকমে সীমিত সংখ্যক কারখানার উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন সংযোগের নিশ্চয়তা না পাওয়ায় বাকি ১৮টি কারখানার কাজ শুরু করা যাচ্ছে না। এসব শিল্প চালু করা গেলে তাতে এক লাখ লোকের কর্মসংস্থান হতো।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ন্যাশনাল সিমেন্ট কারখানায় নতুন একটি উৎপাদন ইউনিট স্থাপনের জন্য ২৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করে ফেলে রাখা হয়েছে। কিন্তু গ্যাস-সংযোগের অভাবে উৎপাদন কার্যক্রম শুরু করতে পারছেন না প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা। পুরোনো এই সিমেন্ট কারখানাটি কিনে নিয়েছেন প্রিমিয়ার সিমেন্টের মালিক ও শিল্পোদ্যোক্তা আমিরুল হক। পুরোনো কারখানায় নতুন করে ইউনিট বসানোর জন্য বিপুল বিনিয়োগ করে উৎপাদন শুরু করতে না পারার কথা জানালেন তিনি।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির হিসাবে, বর্তমানে নতুন ও বর্ধিত মিলিয়ে প্রায় ২০০ শিল্পকারখানার আবেদন রয়েছে। বেশ কয়েক বছর ধরেই এসব আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। সরকারি সিদ্ধান্তের অভাবে এসব শিল্পকারখানায় সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির শীর্ষপর্যায়ের কর্মকর্তারা জানান।
শুধু গ্যাস-বিদ্যুৎ নয়, চট্টগ্রামে শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে জমি সংকটও এখন প্রকট হয়ে উঠেছে। এ কারণে সারা দেশের মতো চট্টগ্রামেও বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। বন্দর সুবিধা থাকার পরও বাণিজ্যনগরী খ্যাত চট্টগ্রামে শিল্পে বড় ধরনের কোনো বিনিয়োগ হচ্ছে না। চট্টগ্রামের শিল্পোদ্যোক্তা এখন বিনিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামবিমুখ হয়ে পড়েছেন।
গত কয়েক দিনে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বিনিয়োগের ক্ষেত্রে অবকাঠামো, গ্যাস, বিদ্যুতের জাতীয় সমস্যার পাশাপাশি জমির সমস্যাকে বিনিয়োগ না হওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তাঁরা। তাঁদের মতে, চট্টগ্রামে শিল্প স্থাপনের উপযোগী জমির চরম সংকট রয়েছে। আবার যেখানে জমি পাওয়া যাচ্ছে, সেখানে শিল্প স্থাপনের প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নেই।
চট্টগ্রামের বড় বড় শিল্প গ্রুপ বড় ধরনের শিল্পে কোনো বিনিয়োগ পরিকল্পনা আপাতত করছে না। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, গ্যাস-বিদ্যুৎ বা তার বিকল্প ব্যবস্থার নিশ্চয়তা না পেলে গ্যাস ও বিদ্যুৎনির্ভর ভারী শিল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া কঠিন।
বিনিয়োগ বোর্ড চট্টগ্রাম কার্যালয়ের বিনিয়োগ নিবন্ধন-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করেও নিম্নমুখী বিনিয়োগ প্রবণতার তথ্য পাওয়া গেছে। বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১১ সালে চট্টগ্রামে দেশি-বিদেশি ২৫১টি শিল্পের নিবন্ধন হয়। ২০১২ সালে সেটি কমে দাঁড়ায় ২২৫টিতে। ২০১৩ সালে আরও কমে নেমে আসে ১৫৫টিতে। আর ২০১৪ ও ২০১৫ সালে নিবন্ধিত শিল্পের সংখ্যা ছিল যথাক্রমে ১৪২ ও ১৩১টিতে। তবে এসব নিবন্ধিত শিল্প বাস্তবে কার্যক্রম শুরু করেছে কি না, তার কোনো হিসাব নেই। সাধারণত শিল্প স্থাপনের আগে শিল্পমালিকেরা বিনিয়োগ বোর্ড থেকে নিবন্ধন নিয়ে থাকেন। তাই শিল্পের নিবন্ধন ও প্রকৃত চিত্রের মধ্যেও ফারাক থাকে।
এদিকে সিমেন্ট খাতের চট্টগ্রামের একজন শিল্পোদ্যোক্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জসহ মেঘনা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী নদীর তীরে শিল্প স্থাপনের উপযোগী ও সুযোগ-সুবিধা আছে এমন এলাকায় এখনো ৫ থেকে ১৫ লাখ টাকায় প্রতি বিঘা জমি কেনাবেচা হচ্ছে। কিন্তু চট্টগ্রামে এ ধরনের সুযোগ-সুবিধা আছে এমন এলাকায় কারখানার জন্য জমি কিনতে হলে প্রতি বিঘার দাম পড়ে ৭৫ থেকে ৮০ লাখ টাকা। এ কারণে ওই শিল্পোদ্যোক্তা গত কয়েক বছরে ঢাকার আশপাশে শিল্প স্থাপনের জন্য জমি কিনেছেন।
চট্টগ্রাম চেম্বারের সাবেক সহসভাপতি এম এ ছালাম বলেন, চট্টগ্রামের নাসিরাবাদ, কালুরঘাট, সাগরিকায় যে শিল্প এলাকা রয়েছে, সেখানে এখন কোনো শিল্প প্লট খালি নেই। এর বাইরে দুটি ইপিজেড রয়েছে। কোরিয়ান ইপিজেডে স্থানীয় ব্যক্তিদের বিনিয়োগের কোনো সুযোগ নেই আর অন্যটিতেও জায়গা নেই।
এদিকে কারও নাম উল্লেখ না করে চট্টগ্রামের একাধিক ব্যবসায়ী নেতা ও শিল্পোদ্যোক্তা প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের বড় বড় কিছু শিল্প গ্রুপ শিল্প স্থাপনের জন্য ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়ে তা জমিতে বিনিয়োগ করেছে। তাদের হাতেই চলে গেছে অনেক জমি। ফলে কয়েক বছরের ব্যবধানে জমির দামও আকাশচুম্বী হয়ে গেছে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমও এর সত্যতা স্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, চট্টগ্রামে বিনিয়োগের ক্ষেত্রে প্রধান সমস্যা জমির অভাব বা অপ্রতুলতা। যেটুকু জমি পাওয়া যায় তার দাম অনেক চড়া। চট্টগ্রামের বড় বড় কিছু শিল্পোদ্যোক্তা শিল্পের জন্য ঋণ নিয়ে জমিতে বিনিয়োগ করেছেন। এতে ওই ব্যবসায়ীরা যেমন নিজেরা ক্ষতির মুখে পড়েছেন, তেমনি শিল্পোদ্যোক্তাদেরও ক্ষতির মুখে ফেলেছেন।