দেশে নয় মাসের ব্যবধানে আবার গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি মনে করে, আবার দাম বাড়ালে গ্যাসনির্ভর শিল্প–কারখানার উৎপাদন ব্যাহত হবে। সেই সঙ্গে বিনিয়োগ নিরুৎসাহিত হবে এবং রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমবে।
ডিসিসিআই এখনই গ্যাসের দাম না বাড়িয়ে শিল্প–কলকারখানায় চাহিদা মাফিক গ্যাস সরবরাহের তাগিদ দিয়েছে। পাশাপাশি তারা সরকারকে গ্যাস উত্তোলন ও সরবরাহ নীতিমালা এবং তিন বছর মেয়াদি গ্যাসের মূল্য নির্ধারণ করার পরামর্শ দিয়েছে।
সম্প্রতি গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে ডিসিসিআই গতকাল সোমবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের প্রতি ঘনফুট গ্যাসের দাম প্রায় ১৪০, গৃহস্থালিতে ব্যবহার্য গ্যাসের দাম ৮৫, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের দাম (সিএনজি) ৮৩ ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত গ্যাসের দাম ৭২ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
ডিসিসিআই বলেছে, গ্যাস উৎপাদন ও সরবরাহের এখন সংকট চলছে। এ সংকটকালে সর্বোচ্চ প্রস্তাবিত ১৪০ শতাংশ মূল্য বৃদ্ধি দেশের তৈরি পোশাক, চামড়া, জাহাজ নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ অন্যান্য গ্যাসনির্ভর শিল্প ও কলকারখানার উৎপাদনকে ব্যাহত করবে। এর প্রভাবে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ নিরুৎসাহিত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্যাসের দাম আবার বাড়ানো হলে তৈরি পোশাক খাত ও অন্যান্য রপ্তানি পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে। এতে তাদের আন্তর্জাতিক বাজারে টিকে থাকার সম্ভাবনা কমে আসবে। পরিবহন খাতে এর প্রভাব পড়ার কারণে পণ্য সরবরাহে ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে, যার প্রভাব সাধারণ ভোক্তাদের ওপর পড়বে বলে মনে করছে ডিসিসিআই।