গ্যাসের দাম নিয়ে বস্ত্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিটিএমএর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা পড়া প্রস্তাব অনুযায়ী গ্যাসের দাম বৃদ্ধি পেলে দেশের বস্ত্র খাতে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, তা তুলে ধরতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা।

সচিবালয়ে গত রোববার প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিটিএমইএর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সহসভাপতি মো. ফজলুল হক। এতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আ. কাদের সরকারও উপস্থিত ছিলেন।

বিইআরসিতে জমা পড়া প্রস্তাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত ক্যাপটিভ জেনারেটরের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৩০ শতাংশ ও শিল্পে ব্যবহৃত প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৬০ শতাংশ বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এমন তথ্য দিয়ে বিটিএমএর নেতারা প্রতিমন্ত্রী মির্জা আজমকে বলেন, গত বছরের সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়ার কারণে বস্ত্র খাতে নেতিবাচক প্রভাব পড়ে। আবারও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকর হলে অনেক বস্ত্রকল বন্ধ হয়ে যেতে পারে।

বস্ত্র খাতের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী মির্জা আজম। একই সঙ্গে তিনি এ বিষয়ে শিগগিরই একটি আন্তমন্ত্রণালয় সভা আহ্বানের কথা জানান।

বিটিএমএর প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের পরিচালক মনির হোসেন, রাজীব হায়দার, মাসুদ রানা, খোরশেদ আলম, তাহরিন আমান, হোসেন মেহমুদ প্রমুখ।