গ্যাসের দাম নিয়ে সরব ছিল সপ্তাহের অর্থনীতি
চলতি সপ্তাহে বেশ কয়েকটি বিষয়ে সরব ছিল দেশের অর্থনীতি। গত সপ্তাহের শেষে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা আসে, মার্চ ও জুনে দুই ধাপে সব ক্ষেত্র মিলিয়ে গড়ে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানো হবে গ্যাসের দাম। এর প্রভাব চলতি সপ্তাহজুড়েই লক্ষ করা যায়।
অর্থনীতিবিদেরা গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম মনে করেন, গ্যাসের ওপর সরকার ভর্তুকি দেয় না। তাই এখন গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নেই। তিনি বলেন, গ্যাসের দাম বাড়ায় শিল্পক্ষেত্রে উৎপাদন খরচ বাড়বে। উৎপাদনকারীরা বাজারেও দাম বাড়িয়ে দেবে। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে। উৎপাদন খরচের সঙ্গে পরিবহন খরচও যোগ হয়। অভ্যন্তরীণ পরিবহন খরচ বাড়বে। মূল্যস্ফীতি বাড়বে।
তবে গত মঙ্গলবার বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর যে ঘোষণা দেয়, তার দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। সেই সঙ্গে ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে’ দেওয়া ওই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিইআরসি চেয়ারম্যান ও সচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়। ভোক্তা সংগঠন ক্যাবের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।
চলতি সপ্তাহে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। গত সপ্তাহে লেনদেন শেষে ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৫৬২৫ পয়েন্টে। চলতি সপ্তাহে লেনদেন শেষে সূচক অবস্থান করে ৫৫৮৬ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে প্রায় ৩৯ পয়েন্ট। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইতে ১০ পয়েন্ট বাড়ে প্রধান সূচক ডিএসইএক্স। এরপর চার কার্যদিবসেই সূচক কিছুটা কমতে দেখা যায়। চলতি সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয় রোববার ১ হাজার ৩৯৩ কোটি টাকা। এ ছাড়া পাঁচ কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ৫ হাজার ৩৫৬ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) ভাইস প্রেসিডেন্ট খুজিস্তা নূর-ই-নাহরিন আজ প্রথম আলোকে বলেন, বর্তমানে পুঁজিবাজার বেশ স্বাভাবিক রয়েছে। এখনো চিন্তার কিছু দেখছি না। যেসব শেয়ার দাম বেড়েছিল, সেগুলো থেকে কিছুটা মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। আজ লেনদেন কিছুটা কম হলেও বাজার নিয়ে শঙ্কার কিছু নেই।
তবে বর্তমানে বেশ কিছু শেয়ারের দাম কম থাকায় বিনিয়োগকারীরা বিনিয়োগে কম এগিয়ে আসছেন বলে মনে করেন তিনি।
গত শনিবার বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সহযোগিতায় তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর আয়োজনে রাজধানীর সোনারগাঁও হোটেলে সামিট অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মন্ত্রী, গবেষক, রাষ্ট্রদূত, ব্র্যান্ড ও দাতা সংস্থার প্রতিনিধি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সামিটে প্রধানমন্ত্রী পোশাক কারখানার পরিবেশের উন্নয়নে ব্র্যান্ড ক্রেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। এ ছাড়া রোববার থেকে শুরু হয় আগামী অর্থবছরের জন্য প্রাক্-বাজেট আলোচনা। আগামী ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার বাজেট দিতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সপ্তাহের মাঝামাঝি পরিবহনশ্রমিকদের ‘অঘোষিত ধর্মঘটের’ কারণে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কিছুটা কমে গেছে। দাম বেড়েছে দূরের জেলা থেকে আনা সবজি ও মাছের। ব্যবসায়ীরা বলছেন, বেশ কিছু সবজির দর কেজিতে গড়ে ১০ টাকা বেড়েছে। মাছের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে এই দাম বৃদ্ধি সাময়িক বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজ বৃহস্পতিবার আদালতের নির্দেশ অনুযায়ী পরিবেশের ক্ষতি হিসেবে জরিমানার অর্থ জমা না দেওয়া হাজারীবাগের ১৫৪টি ট্যানারি কারখানাকে বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ টাকা দুই সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরিয়ে নিতে ২০০১ সালে হাইকোর্ট রায় দেন। এরপর কয়েক দফা এই সময়সীমা বাড়ানো হয়। এরপরও হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় আদালত অবমাননার অভিযোগ আনে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।