গ্যাসের দাম বাড়ানো হলে বস্ত্র খাত বিপদে পড়বে
নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে দেশের বস্ত্র খাত বিপদে পড়বে। সুতা ও বস্ত্র উৎপাদনে নিয়োজিত মিলগুলো প্রতিযোগিতামূলক অবস্থান ও সক্ষমতা ধরে রাখতে পারবে না। ফলে ভবিষ্যতে বাংলাদেশকে বস্ত্র ও সুতার জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এমন আশঙ্কার কথা জানান বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত ক্যাপটিভ জেনারেটর ও শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর জন্য গ্যাস খাতের কোম্পানিগুলো সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বাড়লে বস্ত্র খাতে কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে গতকাল রোববার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সভাটি হয়। এতে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। মন্ত্রণালয় ও বিটিএমএর পাঠানো আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিটিএমএর সভাপতি তপন চৌধুরী বলেন, ক্যাপটিভ জেনারেটরের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রাথমিক পর্যায়ে ২ টাকা ৮২ পয়সা ছিল। পরে সেটি বাড়িয়ে ৪ টাকা ১৮ পয়সা করা হলেও তা বস্ত্র খাতের জন্য প্রণোদনা হিসেবেই বিবেচিত হতো। তবে গত সেপ্টেম্বরে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৮ টাকা ৩৬ পয়সা করা হলে খাতটি সুবিধাজনক অবস্থান হারায়। ক্যাপটিভ জেনারেটর দিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী মিলগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে।
তপন চৌধুরী আরও বলেন, মিলগুলো চাইলেই সুতা ও কাপড়ের দাম বাড়াতে পারবে না। কারণ, এসব পণ্যের দাম আন্তর্জাতিকভাবে নির্ধারিত হয়। এ জন্য বাংলাদেশকে চীন, ভারত ও ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।
প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ক্যাপটিভ জেনারেটরে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি আরও পর্যালোচনা দরকার। গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় যুক্ত নয়। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা দরকার।
গতকালের আন্তমন্ত্রণালয় সভায় অর্থ, বাণিজ্য, শিল্পসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিইআরসি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিটিএমএর পক্ষে ছিলেন সংগঠনটির সহসভাপতি ফজলুল হক, সাবেক সভাপতি সালমান এফ রহমান ও মতিন চৌধুরী।