গ্যাসের দাম বাড়ালে বস্ত্রখাত ক্ষতিগ্রস্ত হবে
গ্যাসের দাম বাড়ালে তৈরি পোশাকশিল্পের কাঁচামাল জোগানদাতা বস্ত্রখাত ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি তপন চৌধুরী।
দুই দিনব্যাপী ওয়ার্ল্ড কটন আউটলুক সামিট উপলক্ষে আজ বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে তপন চৌধুরী এসব কথা বলেন। বিটিএমএ ও সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আইবিসি এশিয়া যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
বিটিএমএ সভাপতি বলেছেন, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে পোশাকশিল্পে পশ্চাদমুখী ‘সংযোগশিল্প বস্ত্রখাত’ ভালো অবস্থানে দাঁড়িয়ে গেছে। বর্তমানে গ্যাসের দাম বাড়ানো হলে সত্যি সত্যি খাতটি ক্ষতিগ্রস্ত হবে। এই খাতের সঙ্গে সম্পৃক্ত এক কোটি মানুষ দুর্ভোগ পোহাবে।
তপন চৌধুরী বলেন, ‘আমরা বুঝছি, আমাদের গ্যাসের মজুদ শেষ পর্যায়ে আছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে ভবিষ্যতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করেই চলতে হবে। এতে দাম অনেক বেড়ে যাবে।’ তিনি শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে গ্যাসের দাম বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিটিএমএর সহসভাপতি ফজলুল হক বলেন, বস্ত্রখাত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আবারও গ্যাসের দাম ১৩০ শতাংশ বৃদ্ধির সুপারিশ আছে। এমনটি হলে খাতটি মুখ থুবড়ে পড়বে। তিনি বলেন, ‘এমনিতেই দামের কারণে প্রতিযোগিতায় টিকতে পারছি না আমরা। ভারত থেকে অনেক সুতা আমদানি হচ্ছে। এ জন্যই আজ তুলা নিয়ে কথা বলার থাকলেও আমরা গ্যাস-বিদ্যুৎ নিয়ে কথা বলছি।’
গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির সময় শিল্পের সক্ষমতা বিবেচনা করা হয় কি না—জানতে চাইলে সংবাদ সম্মেলনে উপস্থিত বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘সরকার দীর্ঘ মেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির কথা চিন্তা করেই গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করে। সব পক্ষের কথা বিবেচনায় নিয়ে এমনটি করে। শিল্পের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত সরকার নেয় না।’
দুই দিনের সম্মেলনের বিষয়ে তপন চৌধুরী বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ তুলা আমদানিকারক দেশ। আমদানির সময়ে আমদানিকারক ও সরবরাহকারীর মধ্যে অনেক ধরনের সমস্যা হয়। ফলে উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, যা কিনা পরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায়। এই সামিটে সমস্যাগুলো সমাধান এবং তুলার সহজলভ্য ও নিরবচ্ছিন্ন সরবরাহ ঠিক রাখা নিয়ে আলোচনা হবে।
এদিকে বিটিএমএর সভাপতির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন আইবিসি এশিয়ার কনফারেন্স ডিরেক্টর উইন মিন।
মির্জা আজম বলেন, ‘আমরা বস্ত্রনীতি প্রায় চূড়ান্ত করে ফেলেছি। এটি হয়ে গেলে বস্ত্র ও পোশাক খাতের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’
তপন চৌধুরী জানান, দুই দিন ব্যাপী ওয়ার্ল্ড কটন আউটলুক সামিটে তুলা ও বস্ত্রখাতের বিভিন্ন বিষয়ে ১৫টি অধিবেশন থাকছে। বাংলাদেশের স্পিনিং মিলও তুলা ক্রয় বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এ ছাড়া দেশি-বিদেশী ব্যবসায়ী উপস্থিত থাকবেন।