গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে উদ্বেগ এফবিসিসিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম আবারও বাড়ানোর প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। গণমাধ্যমে গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাসের মূল্য আবার বৃদ্ধি করা হলে শিল্প খাতে বেসরকারি ও বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে। এতে দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। কারণ দেশের জ্বালানি চাহিদার ৭৪ শতাংশ পূরণ হয় প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। ২০২১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্প খাতের অবদান বর্তমানের ৩১ শতাংশ থেকে ৩৭ শতাংশে উন্নীত করতে হলে প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ বাড়াতে হবে। এ অবস্থায় শিল্পায়নের জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্যাসের পর্যাপ্ততা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ খুব গুরুত্বপূর্ণ।
এফবিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিল্প খাতে ব্যবহৃত গ্যাসের সিংহভাগ ব্যয় হয় টেক্সটাইল মিল ও তৈরি পোশাকশিল্পে। গ্যাসের মূল্যবৃদ্ধি পেলে সে অনুযায়ী রপ্তানি করা পোশাকের মূল্য বাড়বে না। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে রপ্তানিসংশ্লিষ্ট শিল্প, কৃষি, ইস্পাত, সার, আবাসন খাতসহ সব ধরনের সেবা খাতের খরচ বেড়ে যাবে। এ অবস্থায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কমপক্ষে প্রতি পাঁচ বছর পর গ্যাস ও বিদ্যুতের মূল্য সমন্বয় করা প্রয়োজন।