গ্যাস ও বিদ্যুতের বাড়তি দাম কমানো না হলে আদালতে যাবে ভোক্তা সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংবাদ সম্মেলন করে গতকাল শনিবার সকালে ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ক্যাব বলেছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অনেক কমেছে। কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে দেশে দাম না কমিয়ে উল্টো বাড়ানো হয়েছে। এটি প্রচলিত ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে ক্যাবের উপদেষ্টা এম শামসুল আলম বলেন, অযৌক্তিক ও অন্যায়ভাবে বাড়ানো গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টাকে খোলা চিঠি দেওয়া হয়েছে। তাতে সাড়া পাওয়া যায়নি। শিগগিরই বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনে (বিইআরসি) আবেদন করা হবে। বিইআরসি সাড়া না দিলে ভোক্তাদের অধিকার সংরক্ষণে হাইকোর্টে রিট আবেদন করা ছাড়া কোনো উপায় থাকবে না।
শামসুল আলম বলেন, গ্যাস খাত আগে থেকেই মুনাফায় রয়েছে। বিইআরসি আইনে স্পষ্ট বলা আছে, মুনাফায় থাকলে কোনো কোম্পানি কোনো অবস্থাতেই দাম বাড়ানোর প্রস্তাব দিতে পারবে না। সে হিসেবে গ্যাসের দাম বাড়িয়ে আইন ভঙ্গ করা হয়েছে। বিদ্যুৎ খাতও মুনাফায় যাওয়ার মতো পরিস্থিতিতে থাকার পরও কৃত্রিমভাবে ঘাটতি দেখানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এর আগেও একবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা স্থগিত হয়। ভোক্তাদের কথা বিবেচনা করে এবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর আদেশ প্রত্যাহার করা হবে বলে আশা করে ক্যাব।