গ্যাস-সংকট নিরসনে আপাতত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নতুন কমিটির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবিরের নেতৃত্বে কমিটির প্রায় সবাই উপস্থিত ছিলেন। সভায় এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের গ্যাস সমস্যা রয়েছে। সরকার ইতিমধ্যে ১০৮টি গ্যাসকূপ খননের প্রস্তুতি নিয়েছে। গ্যাস-সংকট নিরসনে আপাতত এলএনজির ওপর জোর দেওয়া হচ্ছে। আশা করছি চলতি বছরের ডিসেম্বর নাগাদ এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। বাপেক্স এ জন্য কাজ করছে।’
তোফায়েল আহমেদ বলেন, সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল করার কাজে হাত দিয়েছে। বর্তমানে ২১টির কাজ চলছে। এগুলোর ১৮টি সরকারি ও ৩টি বেসরকারি।
তোফায়েল আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে নগদ সহায়তা দেওয়ার দাবি উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই এর অনুমোদন দেবেন। এ ছাড়া রপ্তানি বহুমুখীকরণের জন্য কৃষি খাত, জাহাজ নির্মাণ, আসবাবপত্র—এসব ক্ষেত্রে নগদ সহায়তা দেওয়া হচ্ছে।
রাজনৈতিক স্থিতিশীলতা অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ভালো বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সার্চ কমিটি মেনে নিয়েছে বলেই বিএনপি নাম প্রস্তাব করেছে। ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা পদ্ধতি অনুযায়ীই হবে। অতীতের দিকে তাকানোর সুযোগ নেই।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন এ সরকারের অধীনেই হবে। তবে এ সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে—যে সরকারের দায়িত্ব থাকবে নিয়মিত কাজ (রুটিন ওয়ার্ক) এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করা। আমাদের বিশ্বাস বিএনপি নির্বাচনে আসবে এবং নির্বাচন কমিশনকে সহায়তা করবে।’