গ্রাম এলাকায় ১৩ হাজার ছোট সেতু হবে
আগামী কয়েক মাসে কয়েক দফায় সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো দলীয় মনোনয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এর মধ্যে সারা দেশে প্রায় ১৩ হাজার সেতু ও কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য আজ মঙ্গলবার ৩ হাজার ৬৮৪ কোটি টাকা ব্যয়ে দেশের ৪৮৯টি উপজেলায় সেতু ও কালভার্ট তৈরির একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের জন্য তালা হচ্ছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গত ১০ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত (নির্বাচন আচরণ) যে বিধিমালা জারি করা হয়েছে, তার ২৫ (১) ধারায় বলা হয়, ‘নির্বাচন পূর্ব সময়ে কোনো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচন করা যাবে না।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ প্রকল্পটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ইউনিয়ন পরিষদ এতে সম্পৃক্ত হতে পারবে না। তাই নির্বাচনের প্রার্থীরা ভোটের মাঠে সরাসরি প্রভাব ফেলতে পারবেন না। তারপরও ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিলের প্রতি সম্মান রেখে এ ধরনের প্রকল্প পাস না করাই উচিত। সরকারের যাতে সমালোচনা না হয়, সে জন্যই এটা করা উচিত।’
এর আগে গত ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের সময় ১ হাজার ৪২৩ কোটি টাকার পশ্চিমাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প পাস করা হয়। সে সময় প্রকল্পটি পাসের পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেছিলেন, ‘নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এ জন্য উন্নয়ন থেমে থাকতে পারে না। তাই নির্বাচনও হবে, উন্নয়নও চলবে। এ অনুমোদন প্রক্রিয়া নির্বাচনের আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক নয়।’
অবশ্য এর আগে গত বছর সিটি করপোরেশন নির্বাচনের আগে দুটি প্রকল্প একনেক পাস করেনি।
এদিকে, একনেকের অনুমোদনের অপেক্ষায় থাকা সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পটির সারসংক্ষেপ থেকে জানা গেছে, এ প্রকল্পটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে প্রকল্প প্রস্তাবনায়। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুওর কর্মসূচির মাধ্যমে নির্মিত মাটির রাস্তায় যেসব স্থানে সংযোগ প্রয়োজন, সেখানে কালভার্ট ও সেতু নির্মাণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। আর প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা দূর হবে বলেও বলা হয় প্রস্তাবনায়। প্রকল্পের আওতায় দেশজুড়ে মোট ১২ হাজার ৯৯৩টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে।
সাধারণত গ্রামীণ এলাকায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এবং এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুওর কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আর ওই সব এলাকা ইউনিয়ন পরিষদভুক্ত।
১৯৭৫-৭৬ অর্থবছর থেকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় গ্রামীণ কাঁচা রাস্তা নির্মাণ শুরু হয়। কিন্তু সংযোগ হিসেবে সেতু ও কালভার্ট নির্মাণ না হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নতি হয়নি। এরপর ১৯৮২ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ১১ হাজার সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়।