গ্রাম ও শহরের ব্যবধান কমানোর পক্ষে অমর্ত্য সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, দেশে অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কৃষির পাশাপাশি শিল্পের উন্নয়ন ঘটিয়ে গ্রাম ও শহরের ব্যবধান কমাতে হবে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।অমর্ত্য সেন বলেন, কৃষি, শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে একই সঙ্গে উন্নয়ন করতে হবে। তিনি এ ক্ষেত্রে চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। সেগুলো হলো—১. কৃষি ও শিল্পের উন্নয়ন করতে হবে, ২. জমি এবং মানুষের সম্পর্ক নিয়ে ভাবতে হবে, ৩. অপুষ্টি ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে এবং ৪. গ্রাম ও শহরের ব্যবধান কমাতে হবে। উভয়ের মধ্যে চীনের প্রাচীর গড়া যাবে না।অমর্ত্য সেন আরও বলেন, ‘গ্রাম ও শহর এলাকার লোকজনের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। এটা উপলব্ধি করতে হবে যে আমরা পারস্পরিক নির্ভরতার সম্পর্কে আবদ্ধ।’ প্রসঙ্গক্রমে অমর্ত্য সেন বলেন, গ্রামবাসীর স্বাস্থ্য, শিক্ষা ও অপুষ্টি নিয়ে লিখেছেন কথাসাহিত্যিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়। গ্রামীণ সমাজজীবন নিয়ে অসাধারণ চলচ্চিত্র নির্মাণ করেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সত্যজিৎ রায়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী নিরুপম সেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ষোড়শী মোহন দাঁ প্রমুখ।