গ্রাম পুলিশের জন্য সুলভ মূল্যে চাল কেনার সুপারিশ
দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশের জন্য সুলভ মূল্যে চাল কেনার সুযোগ দেওয়ার সুপারিশ করেছে জাতীয় বেতন ও চাকরি কমিশন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে গত রোববার জমা দেওয়া কমিশনের সুপারিশে এ সম্পর্কে বলা হয়েছে, গ্রাম পুলিশের অল্প বেতনের অর্ধেক আসে সরকারি কোষাগার থেকে। বাকিটা ইউনিয়ন কাউন্সিলের দেওয়ার কথা থাকলেও তারা দিতে পারে না। তাই সরকার প্রতিবছর যে চাল কিনে, তা থেকে গ্রাম পুলিশ যেন সুলভ মূল্যে সংগ্রহ করার সুযোগ পায়, সে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
এ বিষয়টিকে একটি ‘বিশেষ বিষয়’ উল্লেখ করে প্রতিবেদন দাখিলের সময় কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন সরকারের মনোযোগ আকর্ষণ করতে চাইছেন বলে জানান।
যুক্তি দিয়ে এ ব্যাপারে ফরাসউদ্দিন বলেন, ‘সরকারের সংগৃহীত চাল ছয় থেকে নয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। তা ছাড়া সরকারের খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রমও এখন অপ্রয়োজনীয়।’
বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কয়েক বছর ধরেই নিজেদের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে বিবেচনা করার দাবি জানিয়ে আসছে। ইউনিয়নটির একটি প্রতিনিধিদল গত বছরের সেপ্টেম্বরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ভাতা বৃদ্ধি এবং অবসর ভাতা ও রেশন চালুর দাবি জানায়। একই সঙ্গে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের ব্যক্তিগত কাজ করে দেওয়া থেকে অব্যাহতি চায়।
ইউএনও ও ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাঁরা দৈনন্দিন কাঁচাবাজার করা থেকে শুরু করে বাড়ি পাহারা দেওয়ার কাজেও লাগান গ্রাম পুলিশদের। অথচ এগুলো গ্রাম পুলিশের করার কথা নয়।
অর্থ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা চিঠি দিয়ে অর্থমন্ত্রী গ্রাম পুলিশ বিষয়ে একটি নীতিমালা তৈরি করতে বলেছিলেন।
জানা গেছে, গ্রাম পুলিশের মধ্যে রয়েছে দফাদার ও মহল্লাদার। প্রতিটি ইউনিয়নে গড়ে একজন দফাদার ও নয়জন মহল্লাদার অর্থাৎ ১০ জন গ্রাম পুলিশ রয়েছে। দেশে বর্তমানে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ রয়েছে, যার মধ্যে প্রায় পাঁচ হাজার নারী।
বর্তমানে দফাদার দুই হাজার ১০০ টাকা এবং মহল্লাদার এক হাজার ৯০০ টাকা ভাতা পান। দফাদারদের এক হাজার ৩০০ টাকা দিচ্ছে সরকার, বাকি ৮০০ টাকা দিচ্ছে ইউপি। মহল্লাদারদের সরকার দিচ্ছে এক হাজার ১০০ টাকা, বাকি ৮০০ টাকা দিচ্ছে ইউপি।