গ্রামীণ উদ্যোক্তাদের উন্নয়নে সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক
গ্রামীণ উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কিছু কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংকের পরামর্শকদের একটি দল। তারা মূলত পানি ও পয়োনিষ্কাশন খাতের উদ্যোক্তাদের সহায়তা দিতে চায়।বিশ্বব্যাংকের পরামর্শকদের চার সদস্যের একটি দল গতকাল মঙ্গলবার এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম খোরশেদ আলমের সঙ্গে ফাউন্ডেশন কার্যালয়ে সাক্ষাৎ করে তাঁদের আগ্রহের কথা জানান। এসএমই ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঢাকায় বিশ্বব্যাংকের পানি ও পয়োনিষ্কাশন কর্মসূচির জ্যেষ্ঠ পরামর্শক ইমতিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংস্থার জ্যেষ্ঠ বিশেষজ্ঞ আবদুল মোতালেব, ডেবকনের পরিচালক তানভীর আহসান ও এসিএস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম।ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাংক গ্রামাঞ্চলের ব্যক্তি উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে গভীর নলকূপ স্থাপন, পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করবে। একই সঙ্গে শৌচাগারগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেকসই করা এবং এ খাতে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেবে। এ বি এম খোরশেদ আলম বলেন, আগামী এসএমই নীতিতে গ্রামাঞ্চলে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনকে এসএমই সেবা খাত বিবেচনা করা যায় কি না, তা ফাউন্ডেশন বিবেচনা করবে।