গ্রামীণ উন্নয়নে অর্থবহ ভূমিকা রাখার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ দারিদ্র্য নিরসনে অর্থবহ ভূমিকা রাখতে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লি উন্নয়ন কেন্দ্র বা সিরডাপের প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।গতকাল রোববার ঢাকায় একটি হোটেলে সিরডাপের মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় সভার প্রাক্কালে সিরডাপের নির্বাহী কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হবে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই সভার নির্বাহী কমিটির বৈঠক উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকসই গ্রামীণ উন্নয়ন দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সিরডাপের সদস্য দেশগুলো এখন নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন। উচ্চ হারে দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার ও প্রাকৃতিক দুর্যোগ এই অঞ্চলের জীবিকায়নের টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। তাই পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখতে সিরডাপকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করা প্রয়োজন।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, এই সভায় খাদ্যনিরাপত্তা, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, বাজার অর্থনীতি, সরকারি-ব্যক্তি খাতের অংশীদারি, আর্থসামাজিক সুযোগের সমতা, জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে কৌশল নির্ধারণ করতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রোকেয়া সুলতানা এবং সিরডাপের মহাপরিচালক দুর্গা পি পদিয়ালসহ অন্যান্য দেশের সচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এবারের সভায় সিরডাপের ১৪টি সদস্য দেশ ছাড়াও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, চীন, ফিজি, পাপুয়া নিউগিনি এবং ভুটানের পল্লি উন্নয়নবিষয়ক মন্ত্রী বা প্রতিনিধি এবং জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।সিরডাপের মন্ত্রী পর্যায়ের মূল সভাটি শুরু হবে বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভার উদ্বোধন করবেন। সভাটি শেষ হবে ২৮ জানুয়ারি। এ দিন গ্রহণ করা হবে ‘ঢাকা ঘোষণা’। এর আগে ১৯৮৭ সালে ঢাকায় মন্ত্রী পর্যায়ের এই প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।