গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছানো হবে: চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক বলেছেন, দেশের ব্যাংকিং সুবিধার বাইরে থাকা গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবি ব্যাংক অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার তনচঙ্গার অধিবাসীদের স্বল্প সুদে ঋণ বিতরণ করে স্বাধীনতার ৪০ বছর পর প্রথমবারের মতো এ দুর্গম এলাকায় বসবাসরত অধিবাসীদের ব্যাংকিং সেবার আওতায় আনা হয়। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এবি ব্যাংক লিমিটেডের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ওয়াহিদুল হক আরও বলেন, এবি ব্যাংকের এসএমই খাতে মোট ঋণের পরিমাণ তিন হাজার ১৮ কোটি টাকা, যা ব্যাংকের মোট ঋণের প্রায় ৩৩ শতাংশ। আর এটি ব্যাংকিং সেক্টরের প্রায় ২০ শতাংশ। এটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতি এবি ব্যাংকের প্রতিশ্রুতি।মিট দ্য প্রেস অনুষ্ঠানে এবি ব্যাংকের চেয়ারম্যান বলেন, গ্রাহক সন্তুষ্টির ৩০ বছর পার করল দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক লিমিটেড। ১৯৮২ সালে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাংকটির পথচলা শুরু হয়। এরই মধ্যে ব্যাংকটি বেসরকারি খাতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। শিল্প-বাণিজ্যে বিনিয়োগে এবি ব্যাংকের অংশগ্রহণ, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বেসরকারি খাতের উন্মেষ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করেছে ব্যাংকটি।ওয়াহিদুল হক আরও জানান, সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে এবি ব্যাংক বরাবরই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অন্ধত্ব নিবারণ, অটিস্টিক শিশুদের মেধা বিকাশের জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে এবি ব্যাংক। চর এলাকার মানুষের উন্নততর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কর্মসূচিও রয়েছে এবি ব্যাংকের। এ ছাড়া পরিবেশ সচেতনতার অংশ হিসেবে নদী আগ্রাসনকারীদের ঋণ প্রদান করা হয় না বলেও জানান ব্যাংকটির চেয়ারম্যান।মিট দ্য প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এবি ব্যাংকের পরিচালকেরা, ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক শামীম এ চৌধুরী, বদরুল হক খান, আহসান আফজাল প্রমুখ উপস্থিত ছিলেন।