গ্রামীণ দারিদ্র্য এখনো গণমাধ্যমে উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রামীণ দারিদ্র্য ও উন্নয়নবিষয়ক সংবাদ এখন সাংবাদিকতার অংশ হয়ে গেছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা গণমাধ্যমে তেমনভাবে উঠে আসে না। গণমাধ্যমের ব্যবস্থাপকদের মানসিকতায় পরিবর্তন না হলে এই অবস্থারও পরিবর্তন হবে না।’ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত এক প্যানেল আলোচনায় বিভিন্ন দেশের সাংবাদিক ও সংবাদ ব্যবস্থাপকেরা এ মত ব্যক্ত করেছেন। ‘গ্রামীণ দারিদ্র্যবিষয়ক প্রতিবেদন: কীভাবে, কখন, কোথায় এবং কীভাবে’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ডেইলি স্টার, ইফাদ এবং থমসন রয়টার্স ফাউন্ডেশন।আলোচনায় গ্রামীণ দারিদ্র্যবিষয়ক প্রতিবেদন নিয়ে নিজেদের মত তুলে ধরতে গিয়ে বিভিন্ন দেশের সাংবাদিকেরা বলেন, তাঁদের পত্রিকাগুলোতে গ্রামীণ দারিদ্র্যবিষয়ক সংবাদ তেমন একটা গুরুত্বপূর্ণ বিবেচিত হয় না। কারণ, এই সংবাদগুলো পাঠককে খুব একটা আকৃষ্ট করে না। বরং রাজনৈতিক সংবাদ প্রকাশ করলে সংবাদপত্রের কাটতি বাড়ে।তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে আলোচনার সঞ্চালক ও ডেইলি-স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আমরা গ্রামীণ দারিদ্র্যবিষয়ক প্রতিবেদন তৈরি করি না। আর সে দোষ চাপাই পাঠকদের ওপর।’গণমাধ্যমের ব্যবস্থাপকদের মানসিকতার কারণে যে গ্রামীণ দারিদ্র্যবিষয়ক প্রতিবেদন গণমাধ্যমে হচ্ছে না, সেটাও স্বীকার করেন মাহফুজ আনাম। তিনি বলেন, ‘বিশ্ব পরিবর্তিত হচ্ছে। সাংবাদিকতারও অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু প্রধান সম্পাদকদের কোনো পরিবর্তন আসেনি। তাঁরা এখনো নিউজরুমের গণ্ডিতে আবদ্ধ থেকেই সব কিছু চিন্তা করেন।’আলোচকেরা দারিদ্র্যবিষয়ক প্রতিবেদন তৈরির ক্ষেত্রে পাঠকদের মনে আশা সঞ্চারের কথা বলেন। গ্রামীণ এলাকায় বাস করা মানুষদের সাফল্য তুলে ধরে এটা করা যায় বলে তাঁরা মন্তব্য করেন। পরিবেশ বিশেষজ্ঞ আতিক রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তন দারিদ্র্য বাড়ায়। দরিদ্রকে আরও দরিদ্র করে, ধনীদের দরিদ্রে পরিণত করে।’ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাব-সাহারা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হবে।নেপালের সাংবাদিক মায়না ধিতাল বলেন, ‘আমাদের দেশের পত্রিকায় রাজনৈতিক সংবাদ হলে সার্কুলেশন বাড়ে। উন্নয়ন-সংবাদ পাঠক তেমন পড়ে না। সে জন্য এগুলো গুরুত্ব দিয়ে ছাপাও হয় না।’ অনেকটা একই মত দেন শ্রীলঙ্কা ও ভারত থেকে আসা দুজন সাংবাদিকও।