গ্রামীণ দারিদ্র্য কমিয়েছে পল্লি সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মধুপুরের কাইলাকুরি গ্রামের পল্লি সড়ক ধরে উৎপাদিত পণ্য উপজেলা সদরে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। চার বছর আগে সড়কটি নতুন করে নির্মাণ করা হয়। গত বুধবার দুপুরে ছবিটি তুলেছেন কামনাশীষ শেখর
টাঙ্গাইলের মধুপুরের কাইলাকুরি গ্রামের পল্লি সড়ক ধরে উৎপাদিত পণ্য উপজেলা সদরে নিয়ে যাচ্ছেন কৃষকেরা। চার বছর আগে সড়কটি নতুন করে নির্মাণ করা হয়। গত বুধবার দুপুরে ছবিটি তুলেছেন কামনাশীষ শেখর

দারিদ্র্যের হার কমানো, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিক্ষাসহ সামাজিক নানা সূচকে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে, তাতে গ্রামীণ সড়কের (অবকাঠামো) উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বাংলাদেশে গত কয়েক দশকে তিন লাখ কিলোমিটার পল্লি সড়ক নির্মাণ করা হয়েছে। যেসব এলাকায় এসব সড়ক হয়েছে, সেখানে দারিদ্র্য অন্য এলাকার তুলনায় উল্লেখযোগ্যহারে কমেছে।
পল্লি সড়কের তিনটি প্রকল্প এলাকায় এর প্রভাবসংক্রান্ত গবেষণা থেকে এই তথ্য উঠে এসেছে। দুটি প্রকল্পের ওপর প্রভাব নির্ণয়ের গবেষণা শেষ হয় ২০১১ সালে। একটি হয় ২০০৯ সালে। তিনটি গবেষণাই করেছে বিশ্বব্যাংকসহ দুটি বেসরকারি প্রতিষ্ঠান। এখনো বাংলাদেশ সরকারও পল্লি সড়কের প্রভাব নিয়ে একটি গবেষণা করছে।
২০০৬ থেকে ২০১১ সালে চলা ইস্টার্ন বাংলাদেশ রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইবিআরআইডিপি) নামের প্রকল্পটি চলে সিলেট ও চট্টগ্রাম বিভাগে। প্রকল্পে টাকা দেয় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
এই প্রকল্পের প্রভাব মূল্যায়ন করে আইসি নেট লিমিটেড। তাদের প্রতিবেদনে বলা হয়, প্রকল্প শেষ হওয়ার পর সিলেটে প্রকল্পভুক্ত এলাকায় শতকরা ৯৬ ভাগ পরিবারের আয় বেড়েছে। চট্টগ্রাম বিভাগে আয় বেড়ে যাওয়া পরিবারের সংখ্যা ৯৫ ভাগ।
সিলেটে শতকরা ৫৯ ভাগ মানুষের জন্য নতুন কাজ সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে এর হার শতকরা ৭০ ভাগ। সড়ক হওয়ায় পরিবহন ব্যয় কমে যায় এবং কৃষি-অকৃষি পণ্যের দাম বেড়ে যায়। এতে আয় ও নতুন কাজ সৃষ্টি হয়। যার প্রভাবে কমে যায় দারিদ্র্য।
পল্লি সড়কসংক্রান্ত অন্য দুটি প্রকল্পের ফলাফল নিয়েও গবেষণা পরিচালিত হয়। প্রকল্প দুটি হলো পল্লি সড়ক ও বাজার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প (আরআরএমআইএমপি) এবং পল্লি উন্নয়ন প্রকল্প (আরডিপি)। দুটি প্রকল্পেরই অর্থদাতা বিশ্বব্যাংক।
প্রকল্প দুটির ওপর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ‘দ্য পভার্টি ইমপ্যাক্ট অব রুরাল রোডস: এভিডেন্স ফ্রম বাংলাদেশ’ শিরোনামে গবেষণা করে। রংপুর, রাজশাহী, দিনাজপুর ও মানিকগঞ্জ জেলায় এই গবেষণা করা হয়।
পল্লি সড়কের প্রভাব দেখতে মোট ৪২টি গ্রামের ১ হাজার ২৬০টি পরিবারের ওপর এই গবেষণা হয়। গ্রামগুলোর মধ্যে প্রকল্প এলাকার গ্রামের সংখ্যা ছিল ২৪টি এবং প্রকল্পের বাইরের গ্রাম ছিল ১৮টি। প্রকল্পের বাইরের গ্রামগুলো সড়ক থেকে অন্তত দুই কিলোমিটার দূরে।
গবেষণায় দেখা যায়, আরডিপি প্রকল্পভুক্ত গ্রামগুলোতে প্রকল্প শুরুর সময় মাঝারি মানের দরিদ্রের সংখ্যা ছিল শতকরা ৫৭ ভাগ। প্রকল্প শেষে তা ৪৮ ভাগে নেমে আসে। আবার তীব্র দরিদ্র মানুষের সংখ্যা ৩৫ থেকে ২৯ ভাগে নেমে আসে। কিন্তু প্রকল্পের বাইরে থাকা গ্রামগুলোতে ওই সময়ে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।
আরআরএমআইএমপি প্রকল্পের অধীনে থাকা গ্রামগুলোতে চরম দারিদ্র্যের হার ১৭ ভাগ কমে যায়। আর প্রকল্পের বাইরের গ্রামগুলোতে কমে ১৩ ভাগ।
গবেষণায় দেখা যায়, দুটো প্রকল্প এলাকার পরিবারে সঞ্চয়ের পরিমাণ প্রকল্পের বাইরের গ্রামগুলোর চেয়ে বেড়ে ৩৬ থেকে ৩৮ ভাগে উন্নীত হয়েছে। প্রকল্পভুক্ত গ্রামগুলোতে সারের দাম কমেছে ৫ শতাংশ।
এসব পল্লি সড়ক প্রত্যন্ত পাড়াগাঁকে শহরের সঙ্গে সংযুক্ত করেছে। সচল হয়েছে গ্রামের অর্থনীতি। এতে অবস্থা বদলেছে অভাবী মানুষের। এমন একজন রংপুরের গঙ্গাচড়ার চেংমারি গ্রামের কৃষক মকসুদার রহমান। বর্গাচাষি মকসুদার তাঁর ফসল গ্রামের বাজারেই বিক্রি করতেন। ছয় বছর আগে মঙ্গা আক্রান্ত চেংমারির সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের সড়কটি পাকা করা হয়। ফলে ক্রেতা সরাসরি চলে আসে গ্রামে। এলাকায় ফসলের দামও বেড়ে যায়। বর্গাচাষি থেকে এখন এক বিঘা জমির মালিক মকসুদার।
সম্প্রতি চেংমারি গ্রামে গিয়ে দেখা যায়, মকসুদারের খেতের লাউ কিনতে পিকআপ নিয়ে চলে এসেছেন এক ক্রেতা। খেত থেকে পিকআপ বোঝাই হয়ে লাউ যাবে রংপুর শহরের সিটিবাজারে। সেদিনই ট্রাক বোঝাই হয়ে যাবে ঢাকায়। খেতের আলে দাঁড়িয়ে মকসুদার প্রথম আলোকে বললেন, ‘মাল পাঠানো নিয়া কোনো চিন্তা নাই।’
একই অবস্থা টাঙ্গাইলেও। সদর উপজেলার চারাবাড়ি থেকে ধলেশ্বরী নদের গোলচত্বর ঘাট পর্যন্ত সাত কিলোমিটার রাস্তাটি চরাঞ্চলের মানুষের জীবনমান অনেক উন্নত করেছে। একসময়ের দুর্গম চরাঞ্চলের কাতুলী, মাহমুদনগর ও হুগড়া ইউনিয়নের মানুষ এখন অনায়াসে অটোরিকশা, টেম্পো, রিকশাভ্যানযোগে টাঙ্গাইল শহরে যাচ্ছে। কাতুলী গ্রামের এবদেল মিয়া জানান, এই রাস্তা হয়েছে বলেই তিনি প্রতিদিন টাঙ্গাইল শহরে গিয়ে একটি রেস্তোরাঁয় কাজ করতে পারছেন।
বাংলাদেশে আশির দশকের মাঝামাঝি সময় থেকে পল্লি সড়ক নির্মাণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডি সূত্র জানায়, এর লক্ষ্য ছিল অবকাঠামো নির্মাণের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য কমানো। উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক, গ্রাম সড়ক (ক শ্রেণি) ও গ্রাম সড়ক (খ শ্রেণি)—এই চারটি শ্রেণির সড়ক পল্লি সড়ক হিসেবে চিহ্নিত। এই চার শ্রেণি মিলিয়ে এখন পল্লি সড়কের দৈর্ঘ্য ৩ লাখ ৯ হাজার ৯১৬ কিলোমিটার। এর মধ্যে দুই ধরনের গ্রাম সড়ক প্রায় ১ লাখ ৮০ হাজার কিলোমিটার। এর পুরোটাই মাটির রাস্তা।
বেশির ভাগ অনুন্নত হলেও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের পল্লি সড়কব্যবস্থা সবচেয়ে নিবিড়। প্রতি ১০০ বর্গকিলোমিটার এলাকায় ২১০ কিলোমিটার পল্লি সড়ক আছে। বিশ্বব্যাংকের হিসাবে, ভারতে এটা ১৩৬, পাকিস্তানে ৩৫ ও নেপালে ১৪ কিলোমিটার।
পল্লি সড়ক বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সময় দাতারা সরকারি নানা প্রকল্পে অর্থায়ন বন্ধ করলেও পল্লি সড়ক প্রকল্পে নিরবচ্ছিন্নভাবে সহায়তা করেছে। আমাদের সার্বিক উন্নয়নে এর প্রভাব দেখেই দাতারা কখনো সরে যায়নি।’
শ্যামা প্রসাদ জানান, এই সড়ক নির্মাণের দুই-তৃতীয়াংশ ব্যয় ২০০০ সাল পর্যন্ত করেছে ঋণদাতা সংস্থাগুলো। এক-তৃতীয়াংশ ছিল বাংলাদেশ সরকারের। ২০০০ সালের পর খেকে দুই-তৃতীয়াংশ করে সরকার, বাকিটা হয় বিদেশি অর্থে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর গ্রামের সড়কটি চার বছর আগে পাকা হয়েছে। উদয়তারা বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম বলেন, সড়কটি পাকা হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গ্রামের মেয়েরা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ভর্তি হচ্ছে।
শিক্ষার হার বেড়ে যাওয়া এবং ঝরে পড়া কমে যাওয়ায় সড়ক নির্মাণের ভূমিকার একটি চিত্র উঠে এসেছে বিশ্বব্যাংকের রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদনে। ২০১১ সালে শেষ হওয়া ওই প্রকল্পের মূল্যায়নে দেখা গেছে, সড়কের সুবিধা পাওয়া গ্রামে সুবিধাহীন গ্রামের তুলনায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার তিন ভাগ এবং মাধ্যমিক বিদ্যালয়ে সাত ভাগ বেশি। আবার মাধ্যমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমে গেছে ১৪ শতাংশ।
বাংলাদেশে প্রতিটি দশকে পল্লি সড়ক বেড়েছে। ১৯৯০ সালে গ্রামীণ পাকা সড়ক ছিল ৮ হাজার ৬৭০ কিলোমিটার। ২০১০ সালে বেড়ে দাঁড়ায় ৭২ হাজার ৪৬০ কিলোমিটারে। এভাবে সড়ক বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছনের দশকগুলোজুড়ে থাকা দরিদ্র মানুষ সচ্ছল হতে শুরু করেছে।
খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী, দারিদ্র্যসীমার নিচে পল্লি দারিদ্র্যের পরিমাণ ২০০৫ সালে ২৮.৬ শতাংশ থাকলেও ২০১০ সালে তা কমে ২১.১ শতাংশে নেমে আসে। এ সময়ে নগর দারিদ্র্য পল্লি দারিদ্র্য হারের চেয়ে কম হারে কমেছে।
বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, ‘পল্লি সড়ক গ্রামকে গতিশীল করেছে। গ্রামে নানা সুবিধা পৌঁছেছে। স্কুল হয়েছে। বাজার-ঘাট বেড়েছে। সব মিলে মানুষের সক্ষমতা বেড়েছে। এতে কমেছে দারিদ্র্য।’
অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখলেও বিশাল আয়তনের পল্লি সড়কের কিছু নেতিবাচক দিকও আছে। এর মধ্যে পরিবেশ, বিশেষ করে জলাভূমি ও ছোট ছোট খালের গতিপথ সংকোচিত হয়েছে। আবার বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও।
গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিশিপেশন রিসার্চ সেন্টারের ফেলো খন্দকার সাখাওয়ত আলী প্রথম অলোকে বলেন, পল্লি এলাকায় ভটভটি বা নছিমন নামের নতুন যানের সৃষ্টি হয়েছে। পল্লি সড়কে অনিবন্ধিত এসব যান চালায় অদক্ষ চালক। এতে গ্রামাঞ্চলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন আরিফুল হক, রংপুর; কামনাশীষ শেখর, টাঙ্গাইল; এ কে এম ফয়সাল, মঠবাড়িয়া, পিরোজপুর।]